হান্নান মাসউদের গাড়িবহরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপির
ছবি: সংগৃহীত
০৯:৩৩ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে দলটির পক্ষ থেকে অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ায় সাধারণ মানুষের ওপর হামলা এবং ঘরবাড়ি, দোকানপাট ও এনসিপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শনে যান সংসদ সদস্য হান্নান মাসউদ। পরিদর্শন শেষে ফেরার পথে বিএনপি ও নব্য বিএনপির (আওয়ামী লীগ) শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বেলাল মাঝির নেতৃত্বাধীন একটি সশস্ত্র দল তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়।
দলটির অভিযোগ, এই হামলায় মাহবুব, সারোয়ার, হেলাল কেরানি, আজাদ, মন্নান, বাবলু, ক্ষেপা জহির, ইসমাইল, কামরুল, বড় সাহেদ, আকবর, রহমান, বাকের, দুরাজ, সাবউদ্দিন, কালা এমরান, সারোয়ার মাঝি, সাজু, বেলাল মেম্বার, সমির ও হাসেম মাঝিসহ বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী সরাসরি অংশ নেয়। এ সময় এনসিপির একাধিক নেতাকর্মী ও সমর্থক গুরুতর আহত হন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করা হয়।
সমর্থকদের ওপর এই নির্মম হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংসদ সদস্য হান্নান মাসউদ গাড়ি থেকে নেমে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি শুরু করেন। দলটির দাবি, পরবর্তীতে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আবারও এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং একপর্যায়ে সংসদ সদস্যকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
এনসিপির বার্তায় আরও উল্লেখ করা হয়, হামলার এই পুরো ঘটনায় প্রশাসন একেবারেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। প্রশাসনের নীরবতা এবং সন্ত্রাসীদের এমন প্রকাশ্য মহড়ার কারণে বর্তমানে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
টিজে/এসএন