© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬ বলে ৩৬ রান দিলেন ভারতীয় তারকা বোলার

শেয়ার করুন:
৬ বলে ৩৬ রান দিলেন ভারতীয় তারকা বোলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের হয়ে ১০টি ওয়ানডে এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তারকা পেসার উমরান মালিক বাজে বোলিংয় করে ফের আলোচনায়। মাত্র ৬ বলেই ৩৬ রান খরচ করলেন আইপিএলে গতির ঝড় তোলা এই পেসার।

বৃহস্পতিবার ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে এক ওভারে ৩৬ রান দিয়েছেন জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা এই পেসার। একই ম্যাচের অন্য ওভারে দিয়েছেন ২৩ রান। ২ ওভারেই ৫৯ রান খরচ করেছেন তিনি।

মুম্বাইয়ে হওয়া ম্যাচটিতে উমরান খেলেন টাটা স্পোর্টস ক্লাবের হয়ে, প্রতিপক্ষ ছিল মুম্বাই কাস্টমস। প্রথমে ব্যাট করে উমরানের দল করে ১৯৩ রান। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান উমরান। এই ওভারেই ঋগ্বেদ মোরে তার বলে তিনটি ছক্কা, একটি চারসহ মোট ২৩ রান তুলে নেন।



শুরুতেই এত বেশি রান দেওয়ায় অধিনায়ক শার্দূল ঠাকুর উমরানকে আর পরের ওভারে বোলিং দেননি। ২৬ বছর বয়সী এই পেসারকে আবার বোলিংয়ে ফেরানো হয় ইনিংসের ১৩তম ওভারে। ততক্ষণে মুম্বাই কাস্টমসের দুই ওপেনার মোরে ও শচীন যাদব মিলে ১২৮ রান যোগ করে ফেলেছেন, জয়ের জন্য ৮ ওভারে তাদের প্রয়োজন ৬৫ রান। আর এমন পরিস্থিতিতে বোলিংয়ে এসে ৩৬ রান দিয়ে দলকে আরও বেকায়দায় ফেলেন উমরান।

প্রথম বলে এক রান হওয়ার পর দ্বিতীয় বলে মোরে মারেন চার, তৃতীয় বলে ছক্কা। তবে ডেলিভারিটি ছিল ‘নো’। তবে ফ্রি হিটের ডেলিভারিতে আবার মোরেকে কোনো রান নিতে দেননি উমরান। তবে পরের দুই বলে আবারও ছক্কা ও চার। এরপর একটি ওয়াইড ও একটি নো। ফ্রি হিটে যাদব চার মারেন, আম্পায়ার জানান, এটিও ছিল ‘নো’। আরেকবার ফ্রি হিট হলে যাদব মেরে দেন ছক্কা।

ওভার শেষে উমরানের বোলিং পরিসংখ্যান ২–০–৫৯–০। মুম্বাই কাস্টমসের জয়ের জন্য তখন ৪২ বলে দরকার পড়ে মাত্র ২৯ রান, যা তারা পরের ১৮ বলেই তুলে নেয়।

আইকে/টিকে

মন্তব্য করুন