সেমিফাইনালে পাকিস্তানের সম্ভাবনা দেখলেও ভারতের কোনো সুযোগ দেখছেন না আমির
ছবি: সংগৃহীত
০৫:৪৪ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ভারতকে নিয়ে নানান মন্তব্য করে আলোচনায় থেকেছেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে তোপের মুখে পড়েন পাকিস্তানি পেসার। আরেকবার ঠোঁটকাটা মন্তব্য করে তিনি আলোচিত হলেন।
পাকিস্তানের সাবেক পেসার সেমিফাইনালে ভারতের কোনো সুযোগ দেখছেন না। অথচ তার দেশই কঠিন চ্যালেঞ্জের মুখে। খাদের কিনারায় দাঁড়িয়ে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে না জিতলে বিদায় নিতে হবে সুপার এইট থেকে।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালের বাকি দুটি দল হওয়ার দৌড়ে অবশ্য টিকে আছে পাকিস্তান ও ভারত। এই দুটি দলের সম্ভাবনা নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়।

পাকিস্তানের সেরা চারের ব্যাপারে কিছু বলতে না পারলেও তার দৃঢ় ধারণা ভারত থাকছে না।
‘হারনা মানা হে’ শো-তে সঞ্চালককে হতবাক করে দিয়ে আমির বললেন, ‘পাকিস্তান উঠবে। আর হ্যাঁ, পাকিস্তান উঠতে পারুক বা না পারুক, ভারত পারবে না।’
সেমিফাইনালে উঠতে ভারতের সামনে সহজ সমীকরণ। রোববার কলকাতার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরকে জিততে হবে। আর পাকিস্তানকে নেট রানরেটে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৬৫ রানে কিংবা রান তাড়ায় ১৪ ওভারের মধ্যে জিততে হবে।
এমআই/টিকে