কোহলির এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড ভাঙলেন পাকিস্তানের ফারহান
ছবি: সংগৃহীত
১০:৫৭ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সাহিবজাদা ফারহান দুশমন্থ চামিরার করা পঞ্চম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে বিরাট কোহলির পাশে বসেছিলেন। পরের ওভারের প্রথম বলে দাসুন শানাকাকে চার হাঁকান। শর্ট লেন্থের বলে টেনে ব্যাট চালিয়ে বলকে ফাইন লেগে ঠেলে দেন।
এই শটের মাধ্যমে ফারহান বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড এখন তার দখলে। শানাকাকে চার হাঁকিয়ে এবারের আসরের রানসংখ্যাটাকে ৩২৩-এ নিয়ে যান তিনি। কোহলি ২০১৪ সালের আসরে ৬ ম্যাচে করেছিলেন ৩১৯ রান।
কোহলিকে ছাড়িয়ে যাওয়ার শটে ফারহানের ৪০ রান পূর্ণ হয়। তিনি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ৩২ বলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছেন ৫৫ রান নিয়ে, সেটাও মাত্র ৩৬ বলে। এর মাধ্যমে বিশ্বকাপের এক আসরে যৌথভাবে সর্বোচ্চ ফিফটি+ স্কোর করলেন তিনি। এই আসরে এই ফিফটিটি তার চতুর্থ। ৪টি করে ফিফটি করেছেন ম্যাথু হেইডেন, বিরাট কোহলি, বাবর আজম। কোহলি কাজটি করেছেন দুই আসরে।
এবি/টিএ