ডিএমপি কমিশনারের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত
০১:৫৪ পিএম | ০২ মার্চ, ২০২৬
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নেন শেখ মো. সাজ্জাত আলী।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শেখ সাজ্জাত আলী। ২০২৪ সালেল ১৭ নভেম্বর তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ওই বছরের ২০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেয়ার কথা জানানো হয়। তিনি মো. মাইনুল হাসানের স্থলাভিষিক্ত হন।
গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয়।
তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল–মামুন কারাবন্দী হন। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশির ভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসর দেয়া হয়। সরকার পতনের পরদিন ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেয়া হয়েছিল। তখন দেশে কোনো সরকার ছিল না। এর কিছু দিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মো. মাইনুল হাসানকে। পরে ডিএমপি কমিশনার করা হয় শেখ মো. সাজ্জাত আলীকে।
এমআর/টিকে