© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেপুটি স্পিকারবিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার চেষ্টা চলছে

শেয়ার করুন:
বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার চেষ্টা চলছে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকেও কিছু কিছু জায়গায় ধর্মীয় মোড়কে প্রকাশের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অতীতে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং এখনো সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে দলীয় পরিচয় ভুলে দেশের স্বার্থে সত্য কথা বলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আপিল বিভাগের আইনজীবী চিত্রা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন। শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং ধর্মীয় আলোচনা করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী ও ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির সংস্কার কর্মসূচিতে তারেক রহমানের দেওয়া ‘রেইনবো নেশন’ গড়ার ঘোষণার কথা তুলে ধরেন।

সদ্য সমাপ্ত দুর্গাপূজা নজিরবিহীন উৎসবমুখর পরিবেশে পালিত হওয়ায় বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীরাও প্রশংসা করেছে বলে জানান তিনি। তার মতে, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের চেতনা থেকেই এ অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হয়েছে।

সম্প্রতি নড়াইলের ঘটনা নিয়ে কিছু বিদেশি গণমাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য তথ্য তুলে ধরার অপচেষ্টা চালানো হয়েছে বলেও সমালোচনা করেন ডেপুটি স্পিকার। 

কায়সার কামাল বলেন, ধর্মের চেয়েও বড় পরিচয় মানুষ এবং সব ধর্মই সত্য, ন্যায় ও ইনসাফের কথা বলে। বিগত দেড় দশকে গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা ছিল না এবং টুপি-দাড়ি দেখলে মৌলবাদী বলে কারাগারে পাঠানো হতো মন্তব্য করে তিনি জুলাই গণঅভ্যুত্থানে দেড় মাসে প্রাণ দেওয়া ১ হাজার ৪০০ শহীদের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়তে দলমত ও মতাদর্শ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, কোনো ছোটোখাটো রাজনৈতিক সংঘাতে হিন্দু সম্প্রদায়ের কেউ জড়িত থাকলে এক শ্রেণির সংবাদমাধ্যম ও প্রচারক সেটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘন হিসেবে তুলে ধরার চেষ্টা করে, যা দুঃখজনক।

ধর্মীয় দৃষ্টিতে কাউকে আলাদা করে কোনো গোষ্ঠীর রাজনৈতিক সুযোগ নেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ—সব নাগরিককে এক সুরে কথা বলার আহ্বান জানান তিনি।

সংবিধানের ২৭, ২৮ ও ৪১ অনুচ্ছেদে বর্ণিত সমতা ও ধর্মীয় স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত ও গৌণ বিষয়, নাগরিক হিসেবে পরিচয়ই মুখ্য। নিজেদের হীন বা শ্রেষ্ঠ মনে না করে সমান নাগরিক অধিকারের ভিত্তিতে সবাইকে বাংলাদেশকে ধারণ করতে হবে।

ঈদের চেয়েও দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেশি থাকে উল্লেখ করে তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকতে এবং দুষ্টচক্রের বাধা ঠেকাতে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। সমাজ ও রাষ্ট্রের প্রতি এ বৃহত্তর দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গোৎসবকে যেভাবে অসাম্প্রদায়িক পরিবেশে নিয়ে গেছেন, তা জাতীয় ইতিহাসে বিরল। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য ৩০০ সংসদ সদস্যকে ঘরে না থেকে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

হিন্দু আইনে সম্পত্তির ভাগাভাগিসহ নারীদের অধিকার নিশ্চিতে আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সম্পত্তি হস্তান্তর আইন (ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট) করার সময় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসেনি। এ বিষয়ে এগিয়ে এলে সংসদে সুন্দর আইন প্রণয়ন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রেইনবো সোসাইটির ধারণার আওতায় দেশের সব ধর্মের নাগরিকের সমান অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার প্রশাসন, বিএনপি ও সমগ্র জাতি মিলে দুর্গাপূজাকে নিরাপদ রেখেছে। ঈদ ও পূজায় পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান তিনি।

পার্শ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে উসকানিমূলক প্রচেষ্টা চালানো হয় অভিযোগ করে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে বাংলাদেশে এসে ঢাকা, নোয়াখালীর গান্ধী আশ্রম, বরিশাল ও নেত্রকোনার সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে যাওয়ার আমন্ত্রণ জানান মাহবুব উদ্দিন খোকন। 

তার ও তার সঙ্গীদের সব খরচ বহন এবং পদ্মার ও নোনা ইলিশ দিয়ে আপ্যায়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, এতে ভারতের সঙ্গে জনগণের সুসম্পর্ক ও সহাবস্থান জোরদার হবে।

গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং গুম, গুপ্তহত্যা, নির্যাতন, ভোট দুর্নীতি ও অসাংবিধানিক আচরণের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পেশাগত দায়িত্ব পালনের সময় কেউ হয়রানির শিকার হলে বার অ্যাসোসিয়েশন তা অনুমোদন করে না জানিয়ে কোনো বেআইনি কাজে যুক্ত না হতে আইনজীবীদের সতর্ক করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, পার্শ্ববর্তী দেশের অর্থের বিনিময়ে পরিচালিত কিছু এজেন্সি ও চ্যানেল নড়াইলে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে।

বাস্তবে নড়াইলে একটি বাড়িতে ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি জানান, ওই ব্যক্তি স্বৈরাচারের দোসর ও নির্যাতনকারী ছিলেন; ধর্মীয় পরিচয়ে হিন্দু হলেও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা করেছে। এ হামলাকে সমর্থন না করলেও একে সাম্প্রদায়িক রূপ দিয়ে চালানো অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিচক্ষণ আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি। বিদ্যমান ভালো পরিবেশ নষ্ট হলে সবারই ক্ষতি হবে বলে সতর্ক করেন তিনি।

এমআর/ 

মন্তব্য করুন