© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদা দাবি করলে জেলে থাকতে হবে : শিমুল বিশ্বাস

শেয়ার করুন:
চাঁদা দাবি করলে জেলে থাকতে হবে : শিমুল বিশ্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২১ পিএম | ০২ মার্চ, ২০২৬
পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘কেউ যদি চাঁদা দাবি করে তাকে জেলে থাকতে হবে।’

সোমবার (২ মার্চ) দুপুর ২টায় পাবনা পুরাতন বিআরটিসি স্ট্যান্ড এলাকায় বগা মিয়া রোডের খেয়াঘাট ব্রিজ থেকে পিএন রোড পর্যন্ত মোট ১ হাজার ৩৫০ মিটার দৈর্ঘ্যের সড়ক, ড্রেন, ফুটপাত এবং সড়কবাতি নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় থাকায় এখানকার পথচারী, যানবাহন এবং এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। লাখ লাখ মানুষের চলাচলের পথ এটি। বাইরে থেকে শহরে প্রবেশের অন্যতম প্রধান সড়ক হওয়া সত্ত্বেও বছরের পর বছর এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই পানি হাঁটু সমান জমে যেত।’

তিনি আরো বলেন, ‘কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য অনেকে এই রাস্তায় ধান রোপণ করেছেন, বাঁধ তৈরি করেছেন—কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। অবশেষে বহুল প্রতীক্ষিত এই কাজটি শুরু হতে যাচ্ছে, যা সম্পূর্ণ পরিকল্পিতভাবে নির্মাণ করা হবে এবং পানি সরাসরি ইছামতি নদীতে গড়িয়ে যাবে। তবে আমি সবাইকে সতর্ক করে দিতে চাই—কেউ যদি এই কাজ থেকে চাঁদা দাবি করে, তাকে জেলে থাকতে হবে।’

উল্লেখ্য, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৬ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে এই নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সামিহা এন্টারপ্রাইজ চুক্তি অনুযায়ী আগামী বছরের জুন মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা রয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী সাজেদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে লে-আউটের কাজ শুরু করা হবে। ঈদের পরের সপ্তাহ থেকেই পুরোদমে কাজ শুরু করা হবে। যত দ্রুত সম্ভব প্রকল্পটি শেষ করার পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মনিরুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী ওবায়েদ-উল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. রবিউল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়নসহ পৌরসভা ও ঠিকাদার প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ আরও অনেকেই। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী।


ইউটি/টিএ

মন্তব্য করুন