রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত
ছবি: সংগৃহীত
১০:২২ পিএম | ০২ মার্চ, ২০২৬
মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে ঢাকা। ফাল্গুনের মাঝামাঝিতে এসে ঢাকায় এ বৃষ্টি গত কয়েকদিনের গরমে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে। বৃষ্টির পরিমাণ কমও ছিল না। ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। পরিবেশ ছিল কিছুটা ঘোলাটে। বেলা গড়ালেও রোদ তেমন একটা সুবিধা করতে পারেনি। এর মধ্যে বিকেল ৩টার পর শুরু হয় বৃষ্টি। কোথাও কোথাও তা ঝুম বৃষ্টিতে রূপ নেয়।
রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর বাইরে শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে তা ছিল সামান্য। এদিন সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে। আর ঢাকায় রেকর্ড করা হয়েছে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মার্চ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছিল, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া, এ মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইকে/টিএ