© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন ৮ মার্চ নারী দিবস পালন করা হয়?

শেয়ার করুন:
কেন ৮ মার্চ নারী দিবস পালন করা হয়?

ছবি: সংগৃহীত

মোঃ তারিক কায়সার বাপ্পী
০১:০৩ পিএম | ০৮ মার্চ, ২০২৬
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। নারীর অধিকার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস স্মরণ করতেই প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবসের পেছনে রয়েছে শ্রমজীবী নারীদের দীর্ঘ আন্দোলন ও অধিকার আদায়ের ইতিহাস। বিংশ শতাব্দীর শুরুতে শিল্পকারখানায় কর্মরত নারীরা কঠোর শ্রমপরিবেশ, কম মজুরি এবং ভোটাধিকারের অভাবের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন।

ইতিহাস বলছে, ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রায় ১৫ হাজার নারী শ্রমিক কর্মঘণ্টা কমানো, ন্যায্য মজুরি ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে রাজপথে নেমে আন্দোলন করেন। এই আন্দোলন নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ১৯০৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো জাতীয় নারী দিবস পালন করা হয়।

এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে নারী শ্রমিকদের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ১৭টি দেশের শতাধিক নারী প্রতিনিধির সামনে জার্মান নেত্রী ক্লারা জেটকিন আন্তর্জাতিকভাবে নারী দিবস পালনের প্রস্তাব দেন। উপস্থিত প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গ্রহণ করেন। এর পরের বছর ১৯১১ সাল থেকে ইউরোপের বিভিন্ন দেশে নারী দিবস পালনের সূচনা হয়।

শুরুতে দিবসটি পালনের নির্দিষ্ট কোনো তারিখ ছিল না। তবে ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রাশিয়ার নারীরা ‘রুটি ও শান্তি’র দাবিতে ধর্মঘট ও আন্দোলনে অংশ নেন। টানা চার দিনের এই আন্দোলন দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের সূচনা করে।

সে সময় রাশিয়ায় জুলিয়ান পঞ্জিকা চালু ছিল, যেখানে দিনটি ছিল ২৩ ফেব্রুয়ারি। কিন্তু আন্তর্জাতিকভাবে ব্যবহৃত গ্রেগরিয়ান পঞ্জিকা অনুযায়ী সেটি ছিল ৮ মার্চ। এরপর থেকেই বিশ্বজুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হতে শুরু করে।

পরে ১৯৭৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে দিনটি বিশ্বব্যাপী নারীর অধিকার, সমতা এবং সমাজে তাদের অবদানকে সম্মান জানানোর দিন হিসেবে পালিত হয়ে আসছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি উদযাপনের দিন নয়, বরং নারীর সমান অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি নবায়নেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

টিকে/

মন্তব্য করুন