শিশুদের মানসিক বিকাশে ক্র্যাফট গেমস
ছবি: সংগৃহীত
০১:৪০ পিএম | ০৮ মার্চ, ২০২৬
খেলার মাধ্যমে শেখাকে আরও কার্যকর করতে ‘ক্র্যাফট মডেল ম্যানুয়াল’ উন্মোচন করেছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডো। শনিবার রাজধানীর ওয়াসপুর গার্ডেন সিটির লিডো পিস হোমে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যানুয়ালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে শিক্ষা, ক্রীড়া ও শিশু উন্নয়ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্র্যাফট মডেল মূলত খেলাধুলাভিত্তিক একটি শিক্ষাধারা, যেখানে খেলার মাধ্যমে শিশুদের সামাজিক ও মানসিক বিকাশে সহায়তা করা হয়। লিডোর মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বিভিন্ন কর্মশালার ভিত্তিতে তৈরি এই ম্যানুয়ালে ৫০টি ক্র্যাফট গেমস অন্তর্ভুক্ত করা হয়েছে।
আয়োজকরা জানান, ‘লার্নিং থ্রু প্লে’ ধারণার ওপর ভিত্তি করে তৈরি এই পদ্ধতিতে প্রতিটি খেলার শেষে একটি শিক্ষামূলক বার্তা থাকে। এটি শিশুদের দলগত চর্চা, ন্যায্যতা ও অহিংস যোগাযোগ শেখাতে সহায়ক হবে।
লিডোর প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশের বাস্তবতা ও দেশীয় খেলাধুলার উপাদান যুক্ত করে এই মডেল তৈরি করা হয়েছে, যা বিশেষ করে পিছিয়ে পড়া শিশু, নারী ও যুবকদের বিকাশে ভূমিকা রাখবে।