© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমির খানের জন্মদিনে কোন গোপন কাহিনি শোনালেন অভিনেতা দিব্যেন্দু?

শেয়ার করুন:
আমির খানের জন্মদিনে কোন গোপন কাহিনি শোনালেন অভিনেতা দিব্যেন্দু?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ এএম | ১৪ মার্চ, ২০২৬
বলিউডে আমির খানকে ঘিরে ‘নিখুঁততার’ যে পরিচিতি বহু বছর ধরে তৈরি হয়েছে, তাঁর সহশিল্পীদের অভিজ্ঞতায় সেই পরিচয়ের নতুন মাত্রা বারবার সামনে আসে। জন্মদিনে অভিনেতাকে ঘিরে তেমনই এক স্মৃতি ভাগ করে নিলেন দিব্যেন্দু ভট্টাচার্য, যিনি একসময় মঙ্গল পাণ্ডে ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলেন।

দিব্যেন্দুর কথায়, দূর থেকে যাঁকে সবাই বলিউডের বড় তারকা হিসেবে দেখেন, কাছ থেকে তাঁকে অনেকটাই অন্যরকম মনে হয়েছে। শুটিং সেটে আমিরের মধ্যে আলাদা তারকাসুলভ দূরত্ব তিনি কখনও দেখেননি। বরং খুব সহজেই সবার সঙ্গে মিশে যাওয়া, অল্প সময়ে সহশিল্পীদের আপন করে নেওয়া এই স্বভাবই তাঁকে আলাদা করে চেনায়।



ছবির কাজের বাইরেও সেই সহজ সম্পর্কের অভিজ্ঞতা রয়েছে দিব্যেন্দুর। একবার তাঁর বাড়িতেও গিয়েছিলেন আমির। সেদিন ঘরোয়া আয়োজনে ছিল মাংস, সর্ষে দিয়ে মাছ, ভাত ও নানা ধরনের রান্না। দিব্যেন্দুর স্মৃতিতে, খাবার টেবিলে আমিরের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। খুব স্বাভাবিকভাবে সবকিছু উপভোগ করেছিলেন, যেন কোনো আনুষ্ঠানিকতা নেই, কেবল কাছের মানুষের বাড়িতে বসে নির্ভার এক দুপুর কাটছে।

শুটিংয়ের সময়ও একই অভ্যাস ছিল তাঁর। আলাদা ব্যবস্থার বদলে সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, ইউনিটের অন্য সদস্যদের মতো একই খাবার ভাগ করে নেওয়া এসব বিষয় দিব্যেন্দুর মনে বিশেষ ছাপ ফেলেছে। তাঁর মতে, এত বড় মাপের একজন অভিনেতার মধ্যে এমন স্বাভাবিকতা বিরল।

কাজের ফাঁকে আমিরের আরেকটি প্রিয় সঙ্গী ছিল দাবার বোর্ড। অবসর মিললেই দাবা খেলায় বসে পড়তেন তিনি। সেই খেলায় দিব্যেন্দুও একবার প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন, যদিও জয়টা গিয়েছিল আমিরের দিকেই। তবে ক্রিকেট খেলায় দুজনের স্মৃতিই আলাদা একদিনের খেলায় দুজনেই হয়েছিলেন সেরা খেলোয়াড়।

দিব্যেন্দুর কাছে সবচেয়ে বিস্ময়কর লেগেছে আমিরের কাজ নিয়ে চিন্তার ধরন। তাঁর ভাষায়, অন্যরা যেখানে একটি দৃশ্য বা ছবিকে নিয়ে ভাবনা শেষ করে ফেলে, আমির ঠিক সেখান থেকেই নতুনভাবে শুরু করেন। একটি চরিত্র, একটি দৃশ্য, একটি নির্মাণ সবকিছু নিয়েই তাঁর ভাবনা চলতে থাকে দীর্ঘ সময় ধরে।

এই নিবিড় মনোযোগই হয়তো তাঁকে আলাদা করেছে বহু বছর ধরে। সহশিল্পীর চোখে আমির তাই শুধু জনপ্রিয় নন, গভীরভাবে কাজকে ধারণ করা একজন মানুষও।

জন্মদিনে দিব্যেন্দুর প্রার্থনাও খুব ব্যক্তিগত সুস্থ থাকুন আমির, কাজ নিয়ে তাঁর যে নিষ্ঠা, তা যেন আরও দীর্ঘদিন শিল্পকে সমৃদ্ধ করে।

পিআর/টিএ

মন্তব্য করুন