আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
০৮:৪৩ এএম | ১৯ মার্চ, ২০২৬
অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও জনপদ ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নদী রক্ষায় সবাইকে ঐক্যমত্যে পৌঁছানোর পাশাপাশি দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বুধবার (১৮ মার্চ) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় এনসিপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি নদী থাকে, তাহলে খাল থাকবে। সুতরাং নদীর সঙ্গে সেই খাল আমাদেরকে অবশ্যই খনন করতে হবে। উত্তরের তিস্তা, পাশের পদ্মা, মেঘনা আর যমুনা শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। আবার কোথাও নদীভাঙনের শিকার হয়ে মানুষ সব হারাচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন করে নদী আর জনপদ ধ্বংস করা হচ্ছে। এভাবে আমাদের চলতে দেয়া ঠিক হবে না। তাই নদী রক্ষায় আমাদেরকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে।’
সমসাময়িক বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘যে কোটা পদ্ধতি বাতিল আর মেধার মূল্যায়নে আমাদের জন্য আন্দোলন করতে হয়েছিল, এখন সেই কোটায় ভিসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জেলা পরিষদের প্রশাসক হয়। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় সেই আগের নিয়মেই এখনো সবকিছু হচ্ছে।’
চাঁদপুরের শিক্ষাব্যবস্থা নিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘মন্ত্রী আসে মন্ত্রী যায়। এই চাঁদপুরে আগেও শিক্ষামন্ত্রী ছিলেন, আবার এখনো আছেন। কিন্তু এখানে শিক্ষার মান বলতে কিছুই হয়নি।’ নিজ জেলার শিক্ষার এমন দৈন্যদশা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ মুজিবের ছেলে শেখ কামাল ডাকাতি করেছিল। আর এখন রক্ষক নামেই ভক্ষক হয়েছে এই সরকার।’ তবে সবাই মিলে একসঙ্গে দেশ গঠনের গুরুত্ব তুলে ধরার তাগিদও দেন তিনি।
চাঁদপুর সদর উপজেলা এনসিপির সমন্বয়ক তামিম খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেলী রুশদী, জেলা এনসিপির সমন্বয়ক মো. মাহবুব আলম প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গগত, চাঁদপুরে ইফতার মাহফিলে যোগ দেয়ার কয়েক ঘণ্টা আগে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে ঘোষণা দেন, এখন থেকে তিনি কোনো অপ্রয়োজনীয় কথা বলবেন না এবং কাউকে আঘাত দিয়েও কথা বলবেন না।
এসকে/এসএন