গাইবান্ধায় তেলের অবৈধ মজুত, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
ছবি: সংগৃহীত
০১:১১ এএম | ৩০ মার্চ, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুতকৃত ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।
রোববার (২৯ মার্চ) উপজেলার কামদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে তেল মজুতের দায়ে মুদি দোকানদার আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার দোকানে থাকা ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অপরাধে মেসার্স আশা এন্টারপ্রাইজ নামের একটি মিনি ফিলিং স্টেশনের মালিক বাদশা মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএস/টিএ