মানহানির মামলা করলেন হানসিকা, ২ কোটি দাবি অভিনেত্রীর
ছবি: সংগৃহীত
০১:৩৩ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
বলিউডের অভিনেত্রী হানসিকা মোতওয়ানি পরিবারিক দ্বন্দ্ব এবার আদালতের দরজায় পৌঁছাল। প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি। জানা গেছে, মুম্বাইয়ের দায়রা আদালতে এই মামলা করে প্রায় দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। মুসকান তাঁর প্রাক্তন স্বামী এবং ননদ হংসিকার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি তাঁদের বিবাহিত জীবনে হস্তক্ষেপের অভিযোগও করেন তিনি। তবে শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন হংসিকা।

এবার পাল্টা পদক্ষেপ হিসেবে আইনের আশ্রয় নিয়েছেন অভিনেত্রী। তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে আবেদন করা হয়েছে, যাতে ভবিষ্যতে মুসকান আর কোনও মানহানিকর মন্তব্য করতে না পারেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকেও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
হানসিকা মোতওয়ানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মুসকান তাঁদের কাছ থেকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ ধার নিয়েছিলেন এবং সেই ঋণ পরিশোধ এড়াতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ফলে বিষয়টি এখন শুধুমাত্র পারিবারিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ না থেকে আইনি লড়াইয়ে পরিণত হয়েছে।
উল্লেখ্য, হানসিকা মোতওয়ানির ভাই প্রশান্ত মোটওয়ানীর সঙ্গে ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুসকান। পরবর্তীতে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে এবং ২০২২ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা।
সব মিলিয়ে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবার আদালতে গড়ানোয় ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই চর্চা শুরু হয়েছে বিনোদন মহলে। মামলার শুনানি শিগগিরই আদালতে উঠতে চলেছে বলে জানা গেছে।
পিআর/টিএ