© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বয়োজ্যেষ্ঠদের ইন্টারনেট সুরক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন করলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শেয়ার করুন:
বয়োজ্যেষ্ঠদের ইন্টারনেট সুরক্ষা বিষয়ক  কর্মশালার আয়োজন করলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০১ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
রাজধানীর উত্তরার মোজাফফর গার্ডেন সিটি আবাসিক কমপ্লেক্সে “ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন অ্যাওয়ারনেস ট্রেইনিং ২০২৬” শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় ১৭ জন মধ্যবয়সী ও প্রবীণ ব্যক্তি অংশ নেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ১৫ জন শিক্ষার্থী তাদের কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের অংশ হিসেবে কর্মশালাটির আয়োজন করেন। ছয়টি মডিউলে বিভক্ত এ প্রশিক্ষণ পরিচালনা করেন ছয়জন শিক্ষার্থী।

প্রথম মডিউলে অংশগ্রহণকারীদের ডিজিটাল সিটিজেনশিপ, ইন্টারনেট নিরাপত্তা ও ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা, ভুয়া খবর প্রচার এবং সাইবার বুলিংয়ের মতো ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়। দেশে প্রচলিত প্রতারণার উদাহরণ হিসেবে ভুয়া লটারি জেতার বার্তা ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রতারণার কৌশলও আলোচনা করা হয়।



দ্বিতীয় মডিউলে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির নিয়ম এবং এর গুরুত্ব ব্যাখ্যা করা হয়। তৃতীয় মডিউলে অ্যাকাউন্ট সুরক্ষার বিভিন্ন দিক যেমন অপরিচিত ব্যক্তির অনুরোধ গ্রহণ না করা, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা, ওটিপি গোপন রাখা এবং দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়।

চতুর্থ মডিউলে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করার উপায় তুলে ধরা হয়। পঞ্চম মডিউলে সাইবার বুলিং সম্পর্কে সচেতনতা তৈরি করা হয় এবং এর প্রতিকার হিসেবে ব্লক করা, রিপোর্ট করা ও প্রমাণ সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। শেষ মডিউলে অনলাইনে ভদ্র আচরণ, দায়িত্বশীলতা, তথ্য যাচাই ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।



কর্মশালায় উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবিল খান, যিনি একাডেমিক সুপারভাইজার হিসেবে শিক্ষার্থীদের কার্যক্রমে দিকনির্দেশনা দেন।

মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ মহসীন বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং বয়োজ্যেষ্ঠদের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম আসাদুজ্জামান প্রামাণিক বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।



কর্মশালাটির পৃষ্ঠপোষকতায় ছিল ব্রিটিশ কাউন্সিল ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং সহযোগী হিসেবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশন।

কেএন/টিএ

মন্তব্য করুন