আমেরিকার তেল 'বেস্ট অ্যান্ড সুইটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড’: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৭:৩৫ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'বিশাল সংখ্যক' খালি তেলবাহী ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে, যেগুলোতে ওয়ার্ল্ডের 'বেস্ট অ্যান্ড সুইটেস্ট' তেল লোড করা হবে। শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় দুই তেল অর্থনীতির চেয়েও বেশি মজুদ রয়েছে এবং তেলের মানও অনেক ভালো। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক ওঠানামা করছে।
গত সপ্তাহে, বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে দাঁড়িয়েছিল ১১১ ডলারে । পরে যুক্তরাষ্ট্র-ইরান দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির পর তা প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলারের নিচে নেমে আসে। ওই চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও রয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচলে সীমাবদ্ধতার কারণে বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দামও বেড়ে যায়। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্ববাজারে তেলের দাম তুলনামুলকভাবে বেশি। গত ফেব্রুয়ারির শেষে ব্যারেলপ্রতি দাম ছিল প্রায় ৭০ ডলার।
এবি/টিএ