ইসলামাবাদের আলোচনা আরও একদিন বাড়াতে চায় পাকিস্তান
ছবি: সংগৃহীত
০১:০২ এএম | ১২ এপ্রিল, ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও একদিন সময় বাড়ানোর চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এখন পর্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে একাধিক দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এতে বলা হয়, আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলগুলো বৈঠকের বাইরে একসঙ্গে নৈশভোজও করেছেন এবং বর্তমানে পারস্পরিক নোট বিনিময়ের প্রক্রিয়া চলছে, যা আলোচনার অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ইরানি পক্ষ থেকে জানা গেছে, প্রতিনিধি পর্যায়ের আলোচনা এখনও অব্যাহত রয়েছে এবং তারা সমাধানের নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করছে।
একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান চেষ্টা করছে অন্তত আরও একটি দিন, অর্থাৎ আরেক দফা বৈঠকের সুযোগ তৈরি করতে, যাতে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পাকিস্তানি কূটনীতিকরা আশাবাদী অবস্থান বজায় রেখেছেন। তারা যুক্তরাষ্ট্র ও ইরান— উভয় পক্ষকেই আরও নমনীয় হওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছেন। তবে শেষ পর্যন্ত আলোচনা কতটা এগোবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক নেতৃত্ব, আলোচনার কাঠামো এবং সরাসরি বৈঠক চালিয়ে যাওয়ার সক্ষমতার ওপর।
বিশ্লেষকদের মতে, মুখোমুখি আলোচনা শুরু হওয়াটা ইতিবাচক হলেও একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে আরও সময়, আস্থা এবং পারস্পরিক ছাড় প্রয়োজন হবে।
টিজে/টিএ