© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা, নিহত অন্তত ১১

শেয়ার করুন:
আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা, নিহত অন্তত ১১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ এএম | ১২ এপ্রিল, ২০২৬
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (১০ এপ্রিল) হেরাত প্রদেশের একটি জনপ্রিয় বিনোদনস্থলে ঘটে যাওয়া এ হামলায় প্রথমে নিহতের সংখ্যা কম জানানো হলেও, পরে গুরুতর আহতদের মৃত্যুতে হতাহতের সংখ্যা বেড়ে যায়। আর এটি দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার হেরাত প্রদেশের এনজিল জেলায় এই হামলায় প্রথমে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন প্রাদেশিক কর্মকর্তারা। তবে পরে গুরুতর আহত আরও সাতজনের মৃত্যু হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা ‘অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা’ দেহ মেহরি গ্রামের কাছে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে সাধারণত মানুষের ভিড় বেশি থাকে।

হেরাতের এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, নিহতরা শিয়া মুসলিম ছিলেন এবং তারা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতে তারা বহুবার হামলার শিকার হয়েছেন।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বিবিসিকে বলেন, ‘একটি সন্ত্রাসী ঘটনায় সশস্ত্র ব্যক্তিরা এনজিল জেলার দেহ মেহরি গ্রামে ঘুরতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর গুলি চালায়’।

মুত্তাকি জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ এবং দুই নারীসহ ১৫ জন আহতকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, যে গ্রামে হামলাটি হয়েছে সেটি মূলত শিয়া অধ্যুষিত এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে। এখানে প্রতিদিন অনেক মানুষ নামাজ ও জিয়ারতের জন্য আসেন।

কেএন/এসএন

মন্তব্য করুন