আমার ধারণা ইরান আলোচনায় ফিরবে, আমরা যা চাই তার সব দেবে: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত
১০:৪০ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে আলোচনা হয়েছে, সেখানে তারা যা যা দাবি করেছেন তার সবই ইরানিরা মেনে নিয়েছিল। কিন্তু ইরান শুধুমাত্র তাদের পারমাণবিক আকাঙ্খাকে বাদ দিতে চায়নি। এ কারণে আলোচনা ভেস্তে গেছে।
কিন্তু তার বিশ্বাস ইরানিরা আবার আলোচনায় ফিরবে এবং যুক্তরাষ্ট্র যা চায় তার সবই দেবে। রোববার (১২ এপ্রিল) ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমরা যা চেয়েছিলাম তার প্রায় সবকিছুই অর্জিত হয়েছে, কেবল তারা তাদের পারমাণবিক লক্ষ্য থেকে সরে আসতে চাইছে না।”
“তারা আলোচনায় এমনভাবে এসেছে যেন তাদের কাছে দাবি আদায় করে নেওয়ার কিছু আছে। কিন্তু তাদের কাছে এমন কিছু নেই। আমার ধারণা তারা আবারও আলোচনায় ফিরে আসবে এবং আমরা যা চাই তার সব দেবে। আমি আমাদের দাবির ৯৫ শতাংশ পূরণ হোক চাই না। আমি সবকিছু চাই।”
হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “হরমুজ অবরুদ্ধ হবে। সামান্য দেরিতে তবে এটি খুব দ্রুত কার্যকর হবে।” “আমরা হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করব। ইরানিরা দীর্ঘ সময় হরমুজ ব্যবহার করতে পারবে না।”
ট্রাম্প স্বীকার করেছেন ইরানিরা হরমুজে মাইন স্থাপন করতে পারে। আর এ মাইনের কারণে জাহাজগুলো সেখান দিয়ে চলতে চাইছে না। কারণ কেউ চায় না তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হোক।
সূত্র: ফক্স নিউজ বিজনেস
আইকে/টিএ