© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের বন্দরে আসা-যাওয়া করা সব জাহাজকে আটকাবে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
ইরানের বন্দরে আসা-যাওয়া করা সব জাহাজকে আটকাবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানের বন্দরে যাওয়া এবং আসা সব জাহাজকে আটকানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

সোমবার (১৩ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, “মার্কিন সামরিক বাহিনী ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সকল দেশের পতাকাবাহী জাহাজের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে।”

“অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে বা সেখান থেকে বের হলে সেটিকে পথিমধ্যে আটক করা, গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা অথবা জব্দ করা হতে পারে। তবে এ অবরোধ ইরান বন্দর বাদে অন্যান্য বন্দরে যাওয়ার ক্ষেত্রে কার্যকর হবে না।”

ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের বলেছেন, “এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে যাবে। এ বিষয়টি নিশ্চিত করেই বলা যায়।”

“যদিও এ ব্যাপারে অনেক কিছুই এখনো অস্পষ্ট। তাই আমি এ নিয়ে খুব বেশি কথা বলা থেকে বিরত থাকব।” এছাড়া ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম রাশিয়ার কাছে নেওয়ার ব্যাপারে যে কথা উঠেছে সেটি নিয়েও দিমিত্রির কাছে প্রশ্ন করা হয়।

জবাবে তিনি বলেন, “এ প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। কিন্তু প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। রাশিয়া এ ব্যাপারে সাহায্য করার জন্য প্রস্তুত আছে।”

সূত্র: আলজাজিরা

আইকে/টিএ

মন্তব্য করুন