© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যান সিটির ঘুরে দাঁড়ানোর রহস্য ‘সূর্য’!

শেয়ার করুন:
ম্যান সিটির ঘুরে দাঁড়ানোর রহস্য ‘সূর্য’!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৬ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
শিকারি বাঘ যেমন দু’পা পিছিয়ে এসে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত প্রস্তুতি নেয়, গত কয়েক মৌসুমে ম্যানচেস্টার সিটিও ঠিক এমন রূপেই হাজির হয়। লিগের শুরুতে কিংবা মাঝামাঝি সময়ে এসে কিছুটা ধীরগতিতে চললেও শেষভাগে এসে রুদ্রমূর্তি ধারণ করে পেপ গার্দিওলার দল। মৌসুমের শেষঅংশে এসে কি হয় সিটিজেনদের? কিভাবে হঠাৎ ভিন্ন এক দল হয়ে যায় তারা?  সিটির এই ঘুরে দাঁড়ানোর রহস্য নাকি সূর্য!

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ চেলসিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত জয়ে গানারদের তাড়া করার পর বেশ খোশমেজাজে দেখা গেল পেপ গার্দিওলাকে। জয়ের পর অভিজ্ঞ এই কোচ মজার ছলে জানালেন, আবহাওয়া ভালো থাকাই তার দলকে পারফরম্যান্সের মান বাড়াতে সাহায্য করেছে।



স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে ম্যানচেস্টার সিটির খেলা খুব একটা গোছানো ছিল না। তবে বিরতির সময় গার্দিওলা খেলোয়াড়দের খেলার গতি বাড়ানোর নির্দেশ দেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট। নিকো ও'রাইলির গোলে লিড নেওয়ার পর সিটি যেন উড়তে শুরু করে। বোর্নমাউথের কাছে আর্সেনালের হারের সুযোগ গার্দিওলার দল কাজে লাগানোয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে মাত্র ৬ পয়েন্ট দূরে আছে সিটিজেনরা। 

আর্সেনাল থেকে এক ম্যাচ কম খেলেছে ম্যান সিটি। আগামী রোববার তারা ঘরের মাঠে আতিথ্য দেবে আর্সেনালকে। শিরোপা লড়াইয়ে এখন দেখা যেতে পারে নাটকীয় মোড়। একটা সময় যেখানে মনে হচ্ছিল হেসেখেলেই লিগ জিতবে আর্সেনাল, সেখানে হঠাৎ সিটিকেই লিগ জেতার দৌড়ে এগিয়ে রাখছেন অনেকে। 

শুধু এই মৌসুমেই নয়, গত কয়েক মৌসুমে প্রত্যাবর্তনের এমন মুহূর্ত প্রায়ই জন্ম দিয়েছে ম্যান সিটি। এপ্রিল মাসে কেন সিটি সবসময় এত শক্তিশালী হয়ে ওঠে-এমন প্রশ্নের জবাবে পরিষ্কার নীল আকাশের দিকে ইঙ্গিত করে গার্দিওলা বলেন, ‘সূর্য। আমি মোটেও রসিকতা করছি না। আসলে সূর্যই বড় কারণ। ম্যানচেস্টারে তো সূর্যের দেখাই পাওয়া যায় না! যদি নভেম্বরেই এমন রোদ উঠত, তবে আমরা জানুয়ারি মাসেই চ্যাম্পিয়ন হয়ে যেতাম। সত্যি বলতে, (রোদ উঠলে) সবার মন ভালো থাকে, দলের মানসিকতাও ইতিবাচক হয়ে যায়। 

লিগে পরের ম্যাচেই আর্সেনালের মুখোমুখি হবে ম্যান সিটি। গানারদের বিপক্ষে রোববারের ম্যাচটিই হয়তো ঠিক করে দেবে লিগ চ্যাম্পিয়ন। ঘরের মাঠ ইতিহাদের এই লড়াইকে ফাইনাল বলছেন গার্দিওলা, 

‘ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে একদল অসাধারণ এবং লড়াকু মানসিকতার খেলোয়াড় উপহার দিয়েছেন, যা আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আর্সেনালের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য একটি ফাইনালের মতো-তাদের জন্যও তাই।’

গত মাসে কারাবাও কাপের ফাইনালে আর্সেনালকে হারালেও গার্দিওলা মনে করেন মিকেল আরতেতার দলকে টপকানো বেশ কঠিন হবে, 
‘এই ঘরে এমন কি কেউ আছেন যিনি কারাবাও কাপের ফাইনালে আমাদের হয়ে বাজি ধরেছিলেন? ১ পাউন্ডও কি ধরেছিলেন? কেউই ধরেননি। আমরা তখন আন্ডারডগ ছিলাম এবং সেটাই ছিল নিখুঁত। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আমাদের অবশ্যই আর্সেনালকে সম্মান করতে হবে।’

আরআই/টিএ

মন্তব্য করুন