ইরান না খেললে কী বিশ্বকাপে সুযোগ পাবে ইতালি?
ছবি: সংগৃহীত
০৪:৫৯ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
ইতালির ফুটবলে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। ফিফা ২০২৬ বিশ্বকাপে ইরানের না খেলার একটা সম্ভাবনা তৈরি হওয়ায় কপাল খুলতে পারে ইতালির। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে গোল ডটকম।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা। এরপর দলটি ক্যালিফোর্নিয়ায় বেলজিয়ামের মুখোমুখি হবে এবং সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের বিপক্ষে খেলবে।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের ফলে ইরান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরিয়ে নেয়ার বিষয়ে ফিফার অস্বীকৃতির পর; তাহলে বিশ্ব ফুটবল সংস্থা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে।
এই পরিস্থিতি মোকাবিলায় ফিফা একটি ‘জরুরি পরিকল্পনা’ নিয়ে কাজ করছে। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট এবং দ্য অ্যাথলেটিক- এর প্রতিবেদন অনুযায়ী, ইরান সরে দাঁড়ালে একটি ব্যতিক্রমধর্মী আন্তঃমহাদেশীয় প্লে-অফ আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই প্লে-অফে এশিয়া থেকে দুইটি এবং ইউরোপ থেকে দুইটি দল অংশ নেবে, যারা মূল বাছাইপর্বে উত্তীর্ণ হতে পারেনি।

ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ইতালি এই সম্ভাব্য প্লে-অফে ইউরোপের দুটি স্থানের একটি পাওয়ার ক্ষেত্রে শক্তিশালী দাবিদার। ফলে বিশ্বকাপে ফেরার আরেকটি সুযোগ পেতে পারে ‘আজ্জুরি’রা।
উল্লেখ্য, ইতালি সম্প্রতি প্লে-অফ ফাইনালে বসনিয়া এন্ড হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো (২০১৮, ২০২২ ও ২০২৬) বিশ্বকাপের মূল পর্বে ওঠার সুযোগ হারায়। এই ব্যর্থতার পর কোচিং স্টাফ থেকে বিদায় নেন গাত্তুসো এবং ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতিও পদত্যাগ করেন।
অন্যদিকে, এশিয়া থেকে সম্ভাব্য অংশগ্রহণকারী হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নামও আলোচনায় রয়েছে। তারা ইরাকের কাছে হেরে মূল প্রতিযোগিতায় উঠতে ব্যর্থ হয়েছিল, যদিও ইরাক আন্তঃমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
এসকে/টিএ