© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেইমারের মতো প্রত্যাবর্তনের গল্প লিখতে চান স্প্যানিশ তারকা ইয়ামাল

শেয়ার করুন:
নেইমারের মতো প্রত্যাবর্তনের গল্প লিখতে চান স্প্যানিশ তারকা ইয়ামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৫ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
বার্সেলোনায় লামিনে ইয়ামালকে অনেকেই লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে দেখেন। কাতালান ক্লাবটির ১০ নম্বর জার্সিধারী ইতিমধ্যেই মেসির ফেলে যাওয়া সেই বিশাল শূন্যস্থান পূরণে বড় আস্থার নামও। তবে বার্সার স্প্যানিশ এই উইঙ্গারের আদর্শ কিংবা আইডল কিন্তু নেইমার। এর আগেও ব্রাজিলিয়ান তারকাকে নিজের আদর্শ হিসেবে ধারণ করার কথা বলা ইয়ামালের মুখে আবারও একই কথা শোনা গেল।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের ‍মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে হাজির হন ইয়ামাল। ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে প্রথম লেগে ২-০ গোলে হারের পর এবার আতলেতিকোর মাঠ মেট্রোপলিটানোতে ফিরতি লেগে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে হান্সি ফ্লিকের ক্লাবকে।



মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইয়ামাল তাঁর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার পরিবর্তন করে ২০১৬ সালের এনবিএ ফাইনাল বিজয়ী লেব্রন জেমসের একটি ছবি দিয়েছেন। সেবার গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বিপক্ষে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকেও ক্লিবল্যান্ড ক্যাভালিয়ার্সকে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন করেছিলেন লেব্রন।

লেব্রনের মতো ঘরে দাড়ানোর নায়ক হতে চেয়ে ইয়ামাল বলেন,  ‘আগামীকালের ম্যাচের জন্য তিনি (লেব্রন) আমার অন্যতম অনুপ্রেরণা, আর সে কারণেই আমি তার ছবি দিয়েছি। তিনি যা করেছিলেন আমি তা নিয়ে ভাবছি এবং আশা করি আমার ক্ষেত্রেও তেমনই কিছু ঘটবে।’

শুধু লেব্রনই নন, ইয়ামাল অনুপ্রেরণা নিচ্ছেন বার্সার সাবেক তারকা নেইমারের কাছ থেকে। ২০১৭ সালে পিএসজির বিপক্ষে সেই ঐতিহাসিক 'কামব্যাক'-এর নায়ক ছিলেন নেইমার। প্যারিসে প্রথম লেগে ৪-০ গোলে হারার পর ফিরতি লেগে ৬-১ গোলে জিতেছিল বার্সা।

১৮ বছর বয়সী ইয়ামাল বলেন,  ‘আমি ওই ম্যাচটা অনেকবার দেখেছি এবং লাইভও দেখেছিলাম। নেইমার এমন একজন খেলোয়াড় যিনি আমার পুরো শৈশবকে রাঙিয়ে দিয়েছেন। তিনি আমার আদর্শ। ফুটবলে তিনি যা দিয়েছেন তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। তিনি এমন একজন খেলোয়াড় যার খেলা দেখার জন্য আপনি টিকিট কাটবেন... আমি আশা করি তিনি (২০২৬) বিশ্বকাপে থাকবেন।’

গত মৌসুমে বার্সার ঘরোয়া ‘ট্রেবল’ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। যদিও চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। গত বছর ব্যালন ডি'অর পুরস্কারে দ্বিতীয় নির্বাচিত হওয়া এই স্প্যানিশ তারকা প্রথম লেগে আতলেতিকোর কড়া মার্কিংয়ের কারণে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। তবে এবার দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে সেরা পারফরম্যান্স দিতেই মুখিয়ে আছেন ইয়ামাল।

ইয়ামাল আশা করছেন ফিরতি লেগে তিনি একটু বেশি স্বাধীনতা পাবেন,  ‘আমি খুব ভালো বোধ করছি এবং আগামীকালের ম্যাচের জন্য মুখিয়ে আছি। আশা করি আমিই পার্থক্য গড়ে দেব। দেখি সিমেওনে আমাকে ওয়ান অন ওয়ান খেলার সুযোগ দিয়ে কোনো উপকার করেন কি না!’

আরআই/টিএ

মন্তব্য করুন