৪৫ বছর পর ইউনাইটেডের মাঠে লিডসের ঐতিহাসিক জয়
ছবি: সংগৃহীত
০৭:৪৪ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
১৯৮১ সালের ফেব্রুয়ারিতে শেষবার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয় পেয়েছিল লিডস ইউনাইটেড। এরপর পেরিয়ে গেছে ৪৫ বছর। এই দীর্ঘ সময়ে ম্যানইউকে হারাতে পারেনি লিডস। তবে অবশেষে সেই আক্ষেপ খোঁচাল চলতি মৌসুমে অবনমনের শঙ্কায় থাকা দলটি। ফর্মের তুঙ্গে থাকা ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিল লিডস।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই গোল আদায় করে নেয় লিডস। ম্যাচের পঞ্চম মিনিটে ওকাফোর লিডসকে এগিয়ে দেন। ২৯তম মিনিটে আবারও গোল হজম করে ইউনাইটেড। নিজেদের বক্সে থাকা বল ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি লিসান্দ্রো মার্টিনেজ। সেই বল হেডে পাস করে ওকাফোরকে দেন আরনসন। বল পেয়েই দারুণ এক গোল করেন ওকাফোর।
তার কিছুক্ষণ পর আবারও নিজেদের ভুলে আরও একটি গোল হজম করতে হতো ইউনাইটেডকে। তবে সেবার গোলরক্ষক বাঁচিয়ে দেয় দলকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনে পরিণত হয় স্বাগতিকরা। লিসান্দ্রো মার্টিনেজ প্রতিপক্ষের এক খেলোয়াড়কে চুল ধরে টানলে ভিএআর-এর সহায়তায় লাল কার্ড দেখানো হয় এই আর্জেন্টাইনকে।
তবে এরপর আক্রমণের মাত্রা বাড়ায় ইউনাইটেড। তার ফলও পায় ক্যারিকের দল। ৬৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে হেডে গোল করেন ক্যাসেমিরো। এরপর মনে হচ্ছিল সমতাসূচক গোলটিও পেয়ে যাবে ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের।
৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে লিডস। এই জয়ের ফলে অবনমনের অঞ্চল থেকে ৬ পয়েন্টে এগিয়ে থাকল তারা।
এবি/টিএ
এবি/টিএ