হরমুজে মার্কিন নৌ অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত
০৯:৫৬ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
তিনি এটিকে ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দেন এবং এটিকে একটি অবৈধ আগ্রাসনমূলক কাজ বলে অভিহিত করেন, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইরাভানি ওয়াশিংটনের সর্বশেষ উস্কানিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানান। যা গত ১২ এপ্রিল মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশ্যে ঘোষণা করেছিল।
‘নৌ অবরোধ আরোপ করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার একটি চরম লঙ্ঘন।’ লিখেছেন ইরাভানি।
তিনি জোর দিয়ে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ জাতিসংঘ সনদের ২ নং অনুচ্ছেদের ৪ নং ধারার একটি সুস্পষ্ট লঙ্ঘন, যা শক্তি প্রয়োগের হুমকি বা ব্যবহারকে নিষিদ্ধ করে এবং এটি আন্তর্জাতিক আইনের অধীনে আগ্রাসনের একটি প্রকৃষ্ট উদাহরণ।
রাষ্ট্রদূত আরও বলেন যে, এই অবৈধ অবরোধ আন্তর্জাতিক সমুদ্র আইনের মৌলিক নীতিগুলোকেও গুরুতরভাবে লঙ্ঘন করে।
ইরাভানি জোর দিয়ে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের এই অবৈধ পদক্ষেপকে দৃঢ়ভাবে এবং কঠোরতম ভাষায় প্রত্যাখ্যান ও নিন্দা জানায়।
গ্রিনিচ মান সময় সোমবার (১৩ এপ্রিল) ২টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ করা ও ছেড়ে যাওয়া সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়ার কথা জানায় মার্কিন সামরিক বাহিনী।
কেএন/টিকে