© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে ঘানার ডাগআউটে রিয়ালের সাবেক কোচ কার্লোস কুইরোজ

শেয়ার করুন:
বিশ্বকাপে ঘানার ডাগআউটে রিয়ালের সাবেক কোচ কার্লোস কুইরোজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪১ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপে সুযোগ পেলে ওমানের ডাগআউটেই থাকতেন কার্লোস কুইরোজ। রেকর্ড সর্বোচ্চ ৪৮ দলের বিশ্বকাপে ওমান টিকিট না পাওয়ায় কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। তাতে ২০২৬ বিশ্বকাপে কুইরোজকে না দেখার সম্ভাবনাই বেশি ছিল। তবে কপালে থাকলে ঠেকায় কে? ৬২ দিন পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে থাকছেন তিনি।


৭৩ বছর বয়সী কোচকে দায়িত্ব দিয়েছে ঘানা। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ঘানা ফুটবল ফেডারেশন। ওটো অদ্দোরর স্থলাভিষিক্ত হচ্ছেন কুইরোজ। দুই সপ্তাহ আগে অদ্দোকে বরখাস্ত করে ঘানা।জার্মানির বিপক্ষে ঘানা ২-১ গোলে হারলে চাকরি হারাতে হয় তাকে।


কুইরোজের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছে ঘানার তা অবশ্য জানা যায়নি। গোলরক্ষক হিসেবে খেলোয়াড়ী জীবন রাঙাতে না পারলেও দীর্ঘ এক কোচিং ক্যারিয়ার কুইরোজের। রিয়াল মাদ্রিদের ডাগআউটে ছিলেন। দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যালেক্স ফার্গুসনের সহকারীও ছিলেন।



আর জাতীয় দলের হয়ে বলা যায়, বিশ্ব ভ্রমণই করেছেন কুইরোজ। নিজ দেশ পর্তুগালের হয়ে ১৯৯১ সালে কোচিং ক্যারিয়ার শুরু করা ৭৩ বছর বয়সী কোচ দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়াসহ মোট ৯ দলের দায়িত্বে ছিলেন। অন্যদিকে চতুর্থবারের মতো বিশ্বকাপের ডাগআউট সামলাবেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর পর্তুগালকে ২০১০ বিশ্বকাপে নেন কুইরোজ। এ ছাড়া ইরানের হয়ে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ডাগআউট সামলান তিনি। আসন্ন বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়েছে ঘানা। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা।

এসএস/টিএ

মন্তব্য করুন