© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে ৮০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে : আইইএ

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে ৮০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে : আইইএ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩২ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল সোমবার এক বিবৃতিতে জানান, ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

আইইএ জানায়, মধ্যপ্রাচ্যে ৮০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এই প্রণালির মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়, ফলে এর অচলাবস্থা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহকে বিপর্যস্ত করছে।

পরিস্থিতি মোকাবিলায় আইইএ সদস্য দেশগুলোকে দ্রুত জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। কিছু দেশ ইতোমধ্যে জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে বলেও জানান ফাতিহ বিরোল।

তিনি বলেন, কৌশলগত তেলের মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) থেকে সরবরাহ বাড়ালেও এটি স্থায়ী সমাধান নয়; বরং সাময়িক স্বস্তি দিতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার ফলে সংকট আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে এবং উত্তেজনা বেড়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে ইরানও সতর্ক করে বলেছে, তাদের বন্দর লক্ষ্যবস্তু করা হলে উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

সূত্র : শাফাক নিউজ

এমআর/টিএ 

মন্তব্য করুন