© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসির মার্চের সেরা খেলোয়াড় হলেন ভারতীয় ক্রিকেটার

শেয়ার করুন:
আইসিসির মার্চের সেরা খেলোয়াড় হলেন ভারতীয় ক্রিকেটার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক সাঞ্জু স্যামসনকে ২০২৬ সালের মার্চ মাসের জন্য আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মান অর্জন করেন স্যামসন। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে ধারাবাহিকতা ও আগ্রাসী ব্যাটিংয়ে দলের সাফল্যে বড় অবদান রাখেন তিনি।

এই পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় স্যামসন বলেন, “আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া নিঃসন্দেহে দারুণ এক অনুভূতি। আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময়ের মধ্যেই এই স্বীকৃতি এসেছে। বিশ্বকাপ জয়ে অবদান রাখতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো, যার গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে কিছুটা সময় লেগেছে।”

তিনি আরও বলেন, “ভারতীয় ক্রিকেটের জন্য এটি দারুণ এক সময়। দলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। আমি যে সুযোগগুলো পেয়েছি এবং সতীর্থ ও কোচিং স্টাফের কাছ থেকে যে আস্থা ও সমর্থন পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ।”

টুর্নামেন্টের শুরুতে নিয়মিত একাদশে জায়গা না পেলেও সুপার এইট পর্বে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন স্যামসন। জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ রান দিয়ে যাত্রা শুরু হলেও দ্রুতই ছন্দে ফেরেন তিনি।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তার অপরাজিত ৯৭ রানের ইনিংস ভারতকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেন। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও একই রকম আক্রমণাত্মক ব্যাটিং করে ৮৯ রান করেন তিনি, যা ভারতের শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মার্চ মাসে খেলা তিনটি গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ম্যাচে স্যামসন মোট ২৭৫ রান করেন, যেখানে তার গড় ছিল ১৩৭.৫০ এবং স্ট্রাইক রেট ১৯৯.২৭ যা তার দুর্দান্ত ফর্মেরই প্রতিফলন।
তার এই পারফরম্যান্স তাকে একাধিক ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার এনে দেয় এবং আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়েও শীর্ষ ২০-এ জায়গা করে দেয়।

গত পাঁচ মাসে ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়রা এই পুরস্কার জিতেছেন। তাদের মধ্যে রয়েছেন সাইমন হার্মার, মিচেল স্টার্ক, ড্যারিল মিচেল এবং সাহিবজাদা ফারহান।

এটাই প্রথমবারের মতো স্যামসন আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন, যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

টিজে/টিকে

মন্তব্য করুন