© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫০ মিনিটের ম্যাচ ও কার্ডহীন ফুটবলের প্রস্তাব

শেয়ার করুন:
৫০ মিনিটের ম্যাচ ও কার্ডহীন ফুটবলের প্রস্তাব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
তরুণ প্রজন্মের কাছে ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন সিরি’আর ক্লাব নাপোলির প্রেসিডেন্ট আউরেলিও দে লরেন্তিস।

ভিডিও গেম দেখে বড় হওয়া বর্তমান প্রজন্মের কাছে ৯০ মিনিটের বর্তমান ফুটবল ফরম্যাটটি ‘বড্ড ধীরগতির’। তাই ম্যাচের সময় কমিয়ে আনা এবং ফুটবল থেকে হলুদ ও লাল কার্ড পুরোপুরি বিলুপ্ত করার পক্ষে মত দিয়েছেন ৭৬ বছর বয়সী এই ফুটবল কুশলী।

নিজের বাসভবন থেকে ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লরেন্তিস সতর্ক করে বলেন, ফুটবল যদি আধুনিক সময়ের মানুষের মনোযোগের পরিধির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারে, তবে এটি ভবিষ্যতে সমর্থক হারানোর ঝুঁকিতে পড়বে। নাপোলি মালিকের বিশ্বাস, প্লে-স্টেশনের মতো ডিজিটাল বিনোদনের সঙ্গে পাল্লা দিতে হলে ফুটবলকে আরও দর্শনীয় এবং দ্রুতগতির হতে হবে। তাঁর ভাবনার মধ্যে রয়েছে ম্যাচের সময় কমিয়ে ৫০ মিনিটের ‘ইফেক্টিভ প্লেয়িং টাইম’ করা এবং গোল করার সুযোগ বাড়াতে অফসাইড নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা।



সময়ের পরিবর্তনের পাশাপাশি দে লরেন্তিস প্রথাগত হলুদ ও লাল কার্ড তুলে দিয়ে ‘সিন-বিন’ (সাময়িকভাবে মাঠের বাইরে রাখা) পদ্ধতি চালুর প্রস্তাব করেছেন। তাঁর মতে, এর ফলে ফাউল করার তাৎক্ষণিক শাস্তি আরও কার্যকর হবে। তিনি বিশ্বাস করেন, এই নিয়ম চালু হলে খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে 'ট্যাকটিক্যাল ফাউল' করে খেলার গতি নষ্ট করতে পারবে না, কারণ তখন মাঠেই তাদের বড় শাস্তি ভোগ করতে হবে।

লরেন্তিস আরও যোগ করেন, ‘প্রথমত, আমি প্রতি অর্ধে ৪৫ মিনিটের পরিবর্তে ২৫ মিনিট খেলা রাখব। তবে আপনি মাঠে শুয়ে পড়ে অভিনেতাদের মতো অভিনয় করতে পারবেন না! 'আহ্!' এমনভাবে চিৎকার করা যাবে না যেন কতই না ব্যথা পেয়েছেন। না আপনাকে সঙ্গে সঙ্গে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হবে! আমি আরও যা করব কখনও লাল বা হলুদ কার্ড ব্যবহার করব না। আমি বলব, “তুমি (হলুদ কার্ডের অপরাধে) পাঁচ মিনিটের জন্য বাইরে যাও!’ এবং ‘তুমি (লাল কার্ডের অপরাধে) ২০ মিনিটের জন্য বাইরে চলে যাও!’

আউরেলিও দে লরেন্তিসের ক্লাব সিরি’ আতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার চূড়ান্ত লড়াই করছে এখন। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে নাপোলি বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে তারা ৯ পয়েন্টে পিছিয়ে।

পয়েন্টন টেবিলে ব্যবধান কমিয়ে আনার দিকে নজর থাকলেও অস্থির এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে নাপোলি। ইতালিয়ান জাতীয় দলের সঙ্গে কোচ আন্তোনিও কন্তের নাম জড়িয়ে ক্রমাগত গুঞ্জন ওঠায় এবং তাঁর চুক্তির শেষ বছরে পদার্পণ করায় ক্লাবে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন