মেলোনি আর আগের মতো নেই: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৬:৫০ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আচরণে তিনি ‘স্তম্ভিত’। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইতালির প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে তাকে সাহায্য করতে চান না।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির সংবাদমাধ্যম কোরিরে দেল্লা ছেরাকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
পোপ লিও সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের করা মন্তব্যকে মেলোনি ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করার পর ট্রাম্প এই সমালোচনা করলেন।
এর আগে এক বিবৃতিতে মেলোনি বলেন, পোপ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য ‘গ্রহণযোগ্য নয়’। তিনি জোর দিয়ে বলেন, পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। তিনি শান্তির আহ্বান জানাবেন এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করবেন এটাই স্বাভাবিক ও সঠিক।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পোপের সমালোচনা করে বলেছিলেন, আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তা গ্রহণযোগ্য বলে মনে করেন। তিনি এমন একজন ব্যক্তি, যিনি চান আমরা এমন দেশগুলোর ব্যাপারে নরম থাকি, যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে বিশ্বকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে।
ইতালির প্রধানমন্ত্রী সম্পর্কে ট্রাম্প জানান, তিনি ‘অনেক দিন’ মেলোনির সঙ্গে কথা বলেননি। তিনি বলেন, ‘কারণ তিনি ন্যাটোতে আমাদের সাহায্য করতে চান না, তিনি পারমাণবিক অস্ত্র থেকে মুক্তি পেতেও আমাদের সহযোগিতা করতে চান না। আমি যা ভেবেছিলাম, বিষয়টা তার থেকে একেবারেই ভিন্ন।’
ট্রাম্প বলেন, তিনি (মেলোনি) আর আগের মতো নেই এবং ইতালিও আগের মতো দেশ থাকবে না।’ তিনি আরও বলেন, ‘আমি এটা কল্পনাও করতে পারি না। আমি তার (মেলোনি) আচরণে স্তম্ভিত। আমি ভেবেছিলাম তার সাহস আছে, আমি ভুল ছিলাম।’
মেলোনির ‘অগ্রহণযোগ্য’ মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনিই (মেলোনি) বরং অগ্রহণযোগ্য। কারণ, ইরান পারমাণবিক অস্ত্র পেল কি না তাতে তার কিছু যায় আসে না। সুযোগ পেলে তারা (ইরান) দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে।’
এমআই/টিএ