© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আটকে পড়া ২৩৮ ইরানি নাবিককে দেশে ফেরত পাঠাল শ্রীলঙ্কা

শেয়ার করুন:
আটকে পড়া ২৩৮ ইরানি নাবিককে দেশে ফেরত পাঠাল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০১ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
শ্রীলঙ্কা ২৩৮ জন ইরানি নাবিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে, যারা ভারত মহাসাগরের দক্ষিণ এশীয় এই দেশে আটকে ছিলেন। দেশটির এক নৌযান মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই নাবিকরা শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন একজন মন্ত্রী।

শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষা মন্ত্রী আরুনা জয়াসেকারা জানান, যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা থেকে উদ্ধার পাওয়া ৩২ জন নাবিক এবং আরেক জাহাজ আইআরআইএস বুশেহর থেকে আরও ২০৬ জন নাবিক মঙ্গলবার দেশ ত্যাগ করেন।

তিনি বলেন, “আইআরআইএস বুশেহর-এর কিছু নাবিক জাহাজ পরিচালনার জন্য থেকে গেছেন, তবে ২০৬ জন উদ্ধার পাওয়া আইআরআইএস দেনার নাবিকদের সঙ্গে যোগ দিয়ে গত রাতে একটি চার্টার্ড বিমানে দেশে ফিরে গেছেন।”

সরকারি সূত্র জানায়, এখনও ১৫ জন ইরানি নাবিক শ্রীলঙ্কায় অবস্থান করছেন, যারা আইআরআইএস বুশেহর জাহাজটি পরিচালনা করছেন। জাহাজটি উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালির কাছে নোঙর করা আছে। এই হামলার ঘটনায় আইআরআইএস দেনা জাহাজটি ধ্বংস হয় এবং ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এতে ১০৪ জন নাবিক নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে দেশে পাঠানো হয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জানিয়েছেন, মানবিক কারণে ১৯০৭ সালের হেগ কনভেনশন অনুযায়ী শ্রীলঙ্কা বুশেহর জাহাজের নাবিকদের আশ্রয় দিয়েছে। ইরানের রাষ্ট্রদূত আলিরেজা দিলখোশ জানান, আটকে পড়া নাবিকদের প্রত্যাবাসন নিয়ে কলম্বোর সঙ্গে তেহরানের আলোচনা চলছিল।

অন্যদিকে, তৃতীয় ইরানি জাহাজ আইআরআইএস লাভান প্রায় ১৮৩ জন ক্রু নিয়ে ভারতের কোচি বন্দরে আশ্রয় নেয়। পরে এর মধ্যে বহু অ-প্রয়োজনীয় ক্রু ভারত থেকে ফিরে যান। বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কার এই মানবিক পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনার মধ্যেও দেশটির নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এএফপি
এসএস/টিএ

মন্তব্য করুন