© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলোচনার সম্ভাবনার মধ্যে রিয়াদ-আংকারার উদ্দেশে শাহবাজ

শেয়ার করুন:
আলোচনার সম্ভাবনার মধ্যে রিয়াদ-আংকারার উদ্দেশে শাহবাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬

চলতি সপ্তাহে সৌদি ও তুরস্ক সফরের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় মধ্যস্থতা করার তার প্রচেষ্টা গতি লাভ করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানিয়েছেন, চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই বিবদমান পক্ষগুলোর সঙ্গে আলোচনার ধারা অব্যাহত রাখতে কাজ করছে ইসলামাবাদ।

বিবৃতিতে প্রেসিডেন্ট জারদারি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে মধ্যস্থতাকারী অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা বর্তমানে দুই সপ্তাহের জন্য স্থগিত রয়েছে। এই বিরতিকে কাজে লাগিয়ে কিভাবে পরবর্তী দফার আলোচনা নিশ্চিত করা যায়, সেটিই এখন পাকিস্তানের প্রধান লক্ষ্য।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং শান্তি প্রক্রিয়া বজায় রাখতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। সোমবার পর্দার আড়ালে  আলোচনার গুঞ্জন শোনা গেলেও মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের পক্ষ থেকে আসা মন্তব্যগুলো পাকিস্তানের এই মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি জোরালো সমর্থনের ইঙ্গিত দিচ্ছে।
 
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে পুনরায় আলোচনা শুরু হতে পারে। শুরুতে আলোচনার স্থান ইউরোপ হওয়ার কথা থাকলেও পরে ট্রাম্প জানান যে, বৈঠকটি পুনরায় ইসলামাবাদে হওয়ার সম্ভাবনাই বেশি। এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করে বলেন, ‘তিনি চমৎকার কাজ করছেন।

এর আগে গত রবিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের মধ্যে ২১ ঘণ্টার দীর্ঘ সরাসরি বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছিল। তবে সেই ব্যর্থতা কাটিয়ে নতুন করে আলোচনার টেবিলে বসতে দুই পক্ষই এখন আগ্রহী।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, মধ্যস্থতাকারী দেশের একজন কূটনীতিক জানিয়েছেন যে তেহরান ও ওয়াশিংটন পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে বৈঠকের সঠিক সময় এবং প্রতিনিধিদলের গঠন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনার স্থান হিসেবে আপাতত ইসলামাবাদ এবং জেনেভার নাম বিবেচনায় রয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এত দীর্ঘদিনের জটিল সমস্যা এক বৈঠকেই সমাধান হবে এমন আশা করা বাস্তবসম্মত নয়। আমাদের প্রয়োজন আলোচনা চালিয়ে যাওয়া এবং আলোচনার স্বার্থেই যুদ্ধবিরতি বজায় রাখা।’
 
বর্তমানে দুই সপ্তাহের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও মাঠ পর্যায়ে উত্তেজনা বিরাজমান। ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ-অবরোধ আরোপ করেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে।

আলজাজিরার সংবাদদাতা কামাল হায়দার ইসলামাবাদ থেকে জানিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- যুদ্ধবিরতি এখনো টিকে আছে এবং যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই স্বীকার করছে যে তাদের মধ্যে যোগাযোগের পথ এখন খোলা।

এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিফোনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সম্ভাব্য আলোচনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

এসএস/টিএ

মন্তব্য করুন