© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কী কারণে রোনালদিনহোকে কখনো ভোলেন না মেসি?

শেয়ার করুন:
কী কারণে রোনালদিনহোকে কখনো ভোলেন না মেসি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন লিওনেল মেসি। ‘রোনালদিনহো: দ্য ওয়ান অ্যান্ড অনলি’ শিরোনামের এই ডকুমেন্টারিতে বার্সেলোনায় নিজের শুরুর দিনের অভিজ্ঞতা তুলে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে বলা তার একটি গল্প ভক্তদের দারুণভাবে নাড়া দিয়েছে।

বার্সেলোনার হয়ে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন মেসি ও রোনালদিনহো। এই সময়ে তাদের জুটি ছিল ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণ। সেই সময়ে তাদের যুগলবন্দিতে আসে ৬৭টি গোল। তবে মাঠের পারফরম্যান্সের বাইরেও ড্রেসিংরুমে রোনালদিনহোর ভূমিকা ছিল আরো বড়, বিশেষ করে তরুণ মেসির জন্য।



ডকুমেন্টারিতে মেসি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কিভাবে রোনালদিনহোর কাছ থেকে সমর্থন পেয়েছিলেন। মেসির ভাষায়, ‘ড্রেসিংরুমে তিনিই ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রথম দিন থেকেই তিনি যেভাবে আমাকে গ্রহণ করেছিলেন, তা আমার জন্য সবকিছু সহজ করে দেয়। আমি সব সময় তার প্রতি কৃতজ্ঞ।’
 
ডকুমেন্টারিতে উঠে এসেছে মেসির প্রথম গোলের স্মৃতিও। ২০০৪-০৫ মৌসুমে এক ম্যাচে প্রথম গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। পরে রোনালদিনহোর নিখুঁত পাস থেকে নিজের প্রথম বৈধ গোলটি করেন মেসি।

গোল করার পর রোনালদিনহো মেসিকে কাঁধে তুলে নেন, যা পরবর্তী সময় ফুটবল ইতিহাসের এক আইকনিক মুহূর্ত হয়ে ওঠে। সেই স্মৃতিকে ‘স্বপ্নের মতো’ বলে উল্লেখ করেছেন মেসি। মেসি বলেন, ‘হয়তো সে ইচ্ছা করেই আমাকে গোলটা করাতে চেয়েছিল।

তাকে যেভাবে চিনি, সেটা অসম্ভব কিছু নয়। সেই উদযাপনটা ছিল একদম স্বাভাবিক, কিন্তু আমার জন্য তা ছিল অবিশ্বাস্য এক স্বপ্ন।’ এই ডকুমেন্টারিতে আরো থাকছেন নেইমার, রবার্তো কার্লোস ও কার্লেস পুয়োলের মতো তারকারা, যারা রোনালদিনহোর সঙ্গে খেলেছেন।

আরআই/টিকে

মন্তব্য করুন