© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীন সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন

শেয়ার করুন:
চীন সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৭ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের প্রথমার্ধেই চীন সফর করবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।


মঙ্গলবার (১৪ এপ্রিল) শুরু হওয়া বেইজিং সফর শেষে বুধবার এ তথ্য জানান তিনি।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসসহ বিভিন্ন গণমাধ্যমকে ল্যাভরভ বলেন, সফরের কর্মসূচি এখনও চূড়ান্ত না হওয়ায় বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। তবে এ সফরের মধ্য দিয়ে ২০০১ সালের জুলাইয়ে স্বাক্ষরিত চীন-রাশিয়া মৈত্রী চুক্তির নবায়ন হবে।

তিনি আরও জানান, পুতিনের আসন্ন সফরের কর্মসূচি প্রণয়নে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো।

দুদিনের সফরে ল্যাভরভ মঙ্গলবার তার চীনা সমকক্ষ ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন। এরপর বুধবার সকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বছর চীন-রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারত্বের ৩০ বছর এবং দুই দেশের মৈত্রী চুক্তির ২৫ বছর পূর্তি হচ্ছে।

রাশিয়ার দৈনিক ভেদোমস্তি জানিয়েছে, পুতিনের এ সফর মে মাসের দ্বিতীয়ার্ধে হতে পারে। প্রাথমিকভাবে ১৮ মে’র সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীনের সম্পর্ক আরও জোরদার হয়েছে। গত বছর দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২২০ বিলিয়ন ডলারে পৌঁছায়। সবশেষ গত সেপ্টেম্বরে চীন সফর করেন পুতিন। সে সময় তিনি তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজেও উপস্থিত ছিলেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন