© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদারিত্ব স্থাপনের আশা প্রকাশ করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

গত ডিসেম্বরে ভেনেজুয়েলাগামী এবং ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা তেলবাহী জাহাজগুলোর ওপর ‘অবরোধ’ আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন। এছাড়া কারাকাসের বিভিন্ন ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপরও নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর মাস খানেক পর গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে মার্কিন বাহিনী। তাদেরকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হয়েছে।

এরপর ট্রাম্পের সমর্থনে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। রদ্রিগেজ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগও নিয়েছেন তিনি।

পাশাপাশি রদ্রিগেজ তার দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। 

আজ বুধবার (১৫ এপ্রিল) রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আবারও সেই দাবি জানিয়েছেন রদ্রিগেজ। তিনি বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বলছি, ভেনেজুয়েলার ওপর থাকা নিষেধাজ্ঞা এখনই বন্ধ করতে হবে, যাতে সব বিনিয়োগ পুরোপুরি বিকশিত হতে পারে।’

এই বৈঠকে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের কর্মকর্তা কাইল হাউস্টভেইটের নেতৃত্বে একটি দল অংশ নেয়। রদ্রিগেজ বলেন, হাইড্রোকার্বন (তেল-গ্যাস) খাতে ওয়াশিংটনের সঙ্গে শক্তিশালী সহযোগিতা গড়ে তোলার জন্য তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে এবং তারা দীর্ঘমেয়াদি জ্বালানি অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, ‘আমরা আবারও বলছি, নিষেধাজ্ঞামুক্ত ভেনেজুয়েলার দিকে এগিয়ে যেতে হবে, যাতে আমাদের দেশে আসা বিনিয়োগকারীরা আইনি নিরাপত্তা পায় এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীল বিনিয়োগ নিশ্চিত হয়।’

এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স লরা ডোগু, হাইড্রোকার্বনমন্ত্রী পাউলা হেনাও, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-এর প্রেসিডেন্ট হেক্টর ওব্রেগন, অর্থনীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্যালিক্স্টো ওর্তেগা এবং উত্তর আমেরিকা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী অলিভার ব্লাঙ্কো।

এমআর/টিএ  

মন্তব্য করুন