আইপিএল থেকে ‘অবসর’ নেয়ারাই পিএসএল খেলতে আসে: আহমেদ শেহজাদ
ছবি: সংগৃহীত
০৮:৩৪ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
চুক্তি ভেঙে কলকাতা নাইট রাইডার্সের ডাকে আইপিএলে যোগ দেয়ায় জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানিকে ২ বছরের জন্য পিএসএলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ পিএসএলের নীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, খেলোয়াড়দের নিষিদ্ধ করার বদলে লিগের বড় অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত।
নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেছেন, ‘কে নিষিদ্ধ হলো আর কে হলো না, সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের বড় চিত্রটা দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে পিএসএল আপনারা যাদের পাচ্ছেন, তারা আইপিএল থেকে বিদায় নিয়েছে বা সেখানে তাদের সম্ভাবনা শেষ হয়ে গেছে। পিএসএলকে স্বীকার করতে হবে যে বর্তমানে আইপিএলের তুলনায় তাদের অবস্থান কোথায়। সত্য কথা বলতে গেলে, যেকোনো খেলোয়াড়ের সামনে ভালো সুযোগ থাকলে সে আইপিএলই বেছে নেবে।’
উদাহরণ হিসেবে তিনি ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের নাম উল্লেখ করে শেহজাদ আরও প্রশ্ন তোলেন, ‘পিএসএলকে আইপিএলের চেয়ে বড় ও ভালো’ বলা কতটা বাস্তবসম্মত। তার মতে, সুযোগ পেলে যেকোনো ক্রিকেটারই আইপিএলকেই অগ্রাধিকার দেবেন।

তার এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।
সম্প্রতি পিসিবি মুজারাবানিকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়। এই পেসার ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। বোর্ডের ভাষ্য অনুযায়ী, আগেই শর্ত মেনে চুক্তি করেও মুজারাবানি তার দায়বদ্ধতা উপেক্ষা করেছেন।
এসকে/টিএ