© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৮ ঘণ্টায় ইরানের বন্দরে পৌঁছাতে পারেনি কোনো জাহাজ: সেন্টকম

শেয়ার করুন:
৪৮ ঘণ্টায় ইরানের বন্দরে পৌঁছাতে পারেনি কোনো জাহাজ: সেন্টকম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার গত ৪৮ ঘণ্টায় কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারেনি এবং কোনো জাহাজ সেখান থেকে বেরও হতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ বুধবার (১৫ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সেন্টকমের বিবৃতিতে জানানো হয়েছে, অবরোধ চলাকালে নয়টি জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে নিয়ে গতিপথ পরিবর্তন করে ফিরে গেছে। তবে সেন্টকমের এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজের আগের একটি রিপোর্টের সম্পূর্ণ বিপরীত। এর আগে ফারস নিউজ দাবি করেছিল, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ইরানি সুপারট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে ইরানের ইমাম খামেনি বন্দরের দিকে রওনা হয়েছে।

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম ওই বিশাল জাহাজ তার পণ্য খালাস করেছে কি না, তা তখনো স্পষ্ট ছিল না। তবে এবার মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সেই দাবি প্রত্যাখ্যান করে জানাল, তাদের অবরোধ নিশ্ছিদ্র রয়েছে। অবরোধ শুরুর পর থেকে ইরানের বন্দরে কোনো জাহাজ প্রবেশ করতে পারেনি এবং কোনো জাহাজ সেখান থেকে বেরও হতে পারেনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ। এই পথে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ধারণা করা হচ্ছে, ইরানের ওপর মার্কিন চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে এই কঠোর অবরোধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

এসএস/এসএন

মন্তব্য করুন