ইরান পরমাণু অস্ত্র বানালে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৭:৩৪ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে এবং সেটার প্রভাবে বিদ্যুতের দামও কমবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু ইস্যুতেও কথা বলেছেন তিনি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
যুদ্ধে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে- এমন খবর শোনার পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে অস্ত্র সরবরাহ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন বলে জানান ট্রাম্প। জবাবে শি জিনপিং তাকে জানিয়েছেন, তারা ইরানকে অস্ত্র দিচ্ছে না। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এছাড়া ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর অনুমতি দিলে ‘সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক নতুন পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে খুলে দিচ্ছেন’ এবং এ কারণে চীন ‘খুবই খুশি’।
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনো অবরুদ্ধ হবে না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এছাড়া, চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার ব্যাপারে সম্মত হয়েছে বলে দাবি করেছেন রিপাবলিকান এই নেতা।
ট্রাম্প লিখেছেন, চীন খুবই খুশি যে আমি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিচ্ছি। আমি এটা তাদের জন্যও করছি এবং বিশ্বের জন্যও। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না। তারা (চীন) ইরানে অস্ত্র পাঠাবে না বলে সম্মত হয়েছে।
তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনের সঙ্গে তার এই দাবি অসামঞ্জস্যপূর্ণ বলেই মনে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বেইজিং তেহরানকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমস বলছে, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান শনাক্ত ও সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে আসছে ইরান।
তবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক দিনগুলোতে বারবার অস্বীকার করেছে যে তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে।
এসএস/এসএন