ইকুয়েডরে মহাসড়ক থেকে ছিটকে পড়ল বাস, প্রাণ হারাল ১৪
ছবি: সংগৃহীত
১২:৫৯ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গত বুধবার (১৫ এপ্রিল) আন্দিজ পর্বতমালার কাছাকাছি অবস্থিত আজুয়ায় প্রদেশের মলেতুরো এলাকায় এল-চোরো ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আজুয়ার রাজধানী কুয়েনকা ইকুয়েডরের তৃতীয় সর্বোচ্চ জনবহুল শহর। পাহাড়ি কুয়েনকা-মলেতুরো মহাসড়কে দ্রুতগতিতে চলতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
ইকুয়েডরের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইসিইউ৯১১ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৪ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৯ জন।’
সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়, ‘বিভিন্ন সংস্থার কর্মীরা ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা চেষ্টা চালাচ্ছে। আরও মানুষ নিহত হয়ে থাকতে পারেন।’
দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়ায়। ২০২৩ সালে সর্বোচ্চ দুই হাজার ৩৭৩ জন সড়কে প্রাণ হারিয়েছিলেন।
এসএ/এসএন