লেবাননের স্বাস্থ্য অবকাঠামো সুরক্ষার আহ্বান ডব্লিউএইচও প্রধানের
ছবি: সংগৃহীত
০২:২০ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
ইসরায়েলের চলমান হামলার মধ্যে লেবাননের হাসপাতাল, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুল্যান্স ও রোগীদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস।
গেব্রেয়েসুস জানান, দক্ষিণ লেবাননের ব্যস্ততম চিকিৎসাকেন্দ্র তেবনিন সরকারি হাসপাতাল গত ১২ ও ১৪ এপ্রিলে দুই দফা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এসব হামলায় অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগ ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস হয়েছে।
পাশাপাশি ফার্মেসি ও বহির্বিভাগও ক্ষতির মুখে পড়েছে।’ তিনি আরো জানান, গত ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর থেকে স্বাস্থ্যসেবা খাতে মোট ১৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে ডব্লিউএইচও। এসব ঘটনায় ৮৮ জন নিহত এবং ২০৬ জন আহত হয়েছেন।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এ সময় ১৫টি হাসপাতাল ও ৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৫টি হাসপাতাল ও ৫৬টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গেব্রেয়েসুস জোর দিয়ে বলেন, লেবাননজুড়ে নিরাপদ, টেকসই ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানো জরুরি। এতে দ্রুত জীবনরক্ষাকারী সেবা দেওয়া যায় এবং সেবা প্রদানকারী ও গ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
আরআই/এসএন