বাবরকে ‘বদনজর’থেকে বাঁচাতে পিএসএল কর্তার বিশেষ প্রচেষ্টা
ছবি: সংগৃহীত
০৬:৫৮ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসেরকে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের জন্য ‘বদনজর’ থেকে বাঁচাতে প্রচলিত ঐতিহ্যবাহী ভঙ্গি করতে দেখা গেছে। মজার এই মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পিএসএলের চলমান ১১তম আসরে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে জালমির জয়ের পর প্রকাশ পাওয়া ভিডিওতে লিগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উষ্ণ ও হাস্যরসপূর্ণ সম্পর্কের চিত্র দেখা যায়। এই মুহূর্তটি পিএসএল পরিবারের বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, পিএসএলের ইতিহাসে আন্তর্জাতিক তারকাদের মধ্যে নিজের আধিপত্য ধরে রেখেছেন বাবর আজম। এবারের আসরেই তিনি ছুঁয়েছেন একাধিক বড় মাইলফলক। ডানহাতি এই ব্যাটার সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে স্বল্পতম সময়ে ১২,০০০ রান পূর্ণ করেন। এছাড়া তিনি পিএসএলের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে ৪,০০০ রান করেছেন। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি অর্ধশতক করা চতুর্থ ব্যাটারও হয়েছেন তিনি।
মাঠের খেলায় জালমি নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে আসরে ষষ্ঠ জয় তুলে নিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে তারা হারায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে।
টস জিতে আগে ফিল্ডিং করার বাবরের সিদ্ধান্ত দারুণ কাজে দেয়। কোয়েটাকে ২০ ওভারে ১৫৪ রানে অলআউট করে দেয় জালমির বোলাররা। মিডল অর্ডার ব্যাটার হাসান নাওয়াজ ৩৫ বলে ৩৭ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এছাড়া রাইলি রুশো করেন ২৬ রান এবং খাজা নাফেই যোগ করেন ২০ রান।
জালমির হয়ে সুফিয়ান মুকিম ও আব্দুল বাসিত নেন তিনটি করে উইকেট। বিশেষ করে সুফিয়ান চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে ছিলেন দুর্দান্ত। ইফতিখার আহমেদ নেন একটি উইকেট। জবাবে ১৫৫ রানের লক্ষ্য সহজেই টপকে যায় জালমি। ৯ বল হাতে রেখেই মাত্র দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।
অধিনায়ক বাবর আজম সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৫১ বলে অপরাজিত ৭১ রান করেন, যেখানে ছিল ১০টি চার। তাকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ হারিস (৩৫), কুশল মেন্ডিস (২১) এবং অলরাউন্ডার অ্যারন হার্ডি অপরাজিত ১৮ রান করে শেষের আগের ওভারেই দলকে জয় এনে দেন। কোয়েটার হয়ে আলজারি জোসেফ ও অধিনায়ক সাউদ শাকিল একটি করে উইকেট নিলেও জালমির সহজ জয় ঠেকাতে পারেননি।
এবি/টিএ