ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় উৎপাদন বন্ধ
ছবি: সংগৃহীত
০৭:৪২ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
যুদ্ধবিরতির মধ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেশ কয়েকটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে উৎপাদন এবং রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান।দেশটির অর্থনৈতিক সংবাদপত্র ‘দোনিয়া-ই-একতেসাদ’ এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলার পর উৎপাদন ব্যাহত হওয়ায় অভ্যন্তরীণ সরবরাহকে অগ্রাধিকার দিতে এবং কাঁচামালের ঘাটতি রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
দোনিয়া-ই-একতেসাদ পত্রিকাটি ইরানের পেট্রোকেমিক্যাল শিল্প উন্নয়ন পরিচালক মোহাম্মদ মোতাঘির ১৩ এপ্রিল জারি করা একটি আদেশের উদ্ধৃতি দিয়েছে। যেখানে তিনি ইরানের পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের জানান যে, দেশটি যুদ্ধ পরিস্থিতিতে এবং কঠোর নিষেধাজ্ঞার অধীনে থাকায় সমস্ত রপ্তানি বন্ধ রাখা হয়েছে।
ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সংবাদ সংস্থা ফার্সের মতে, ইরান সাধারণত প্রতি বছর প্রায় ১৩ বিলিয়ন ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাহশাহর এবং আসালুয়েহ-এর উৎপাদন কেন্দ্রগুলো ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
পেট্রোকেমিক্যালের মধ্যে তেল থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের জ্বালানি বহির্ভূত পণ্য অন্তর্ভুক্ত, যা প্লাস্টিক, ইলেকট্রনিক্স, সার, ওষুধ এবং আরও অনেক কিছু উৎপাদনের জন্য অপরিহার্য।
মার্কিন যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়ার পথে সামুদ্রিক অবরোধ কার্যকর করা শুরু করেছে। যার একটি উদ্দেশ্য হলো ইরানের রপ্তানি আয়কে বাধাগ্রস্ত করা। এদিকে কূটনীতিকরা যুদ্ধ শেষ করার জন্য আলোচনার আরেকটি পর্বের জন্য চাপ দিচ্ছেন।
সূত্র:সিএসবি নিউজ
এমআর/টিএ