ম্যানসিটি ছাড়ার ঘোষণা বার্নার্দো সিলভার
ছবি: সংগৃহীত
০৮:২৭ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
পেপ গার্দিওলা কয়েক দিন আগেও অভিমানী সুরে বলেছিলেন, ‘সে আমাকে কিছুই জানায়নি। অথচ তাকে আমি বলেছিলাম, তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে অন্তত একবার জানাবে।’ এমনকি স্প্যানিশ মাস্টারমাইন্ড দাবি করেছিলেন, ২০২৫-২৬ মৌসুমে তাঁর সেরা সিদ্ধান্ত ছিল বার্নার্দো সিলভার হাতে আর্মব্যান্ড তুলে দেওয়া।
এত কিছুর পর সিলভাকে আর রাখা যাচ্ছে না ম্যানচেস্টার সিটিতে। চলতি মৌসুম শেষেই ইংলিশ ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার সিলভা নিজেই জানিয়েছেন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর থাকছেন না।
২০১৭ সালে মোনাকো থেকে সিটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৪৫১ ম্যাচে ৭৬টি গোল এবং ৭৭টি অ্যাসিস্ট করেছেন সিলভা। গত মাসে কারাবাও কাপ জয় ছিল সিটির হয়ে তার ১৫তম বড় কোনো শিরোপা। এর মধ্যে ২০২২-২৩ মৌসুমের ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ও অন্তর্ভুক্ত। আরও একটি প্রিমিয়ার লিগ শিরোপা অপেক্ষা করছে সিটির।
নিজের ইনস্টাগ্রামে সিলভা লিখেছেন, ‘আমরা একসঙ্গে যা কিছু জিতেছি এবং অর্জন করেছি, তা আমার হৃদয়ে সারাজীবন এক অমূল্য স্মৃতি হিসেবে থাকবে। ১০০ পয়েন্টের সেই মৌসুম (সেঞ্চুরিয়ান), ঘরোয়া চারটি শিরোপা, ট্রেবল, টানা চারবার লিগ জয় এবং আরও অনেক কিছু। অভিজ্ঞতাটা মোটেও মন্দ ছিল না।’
সিটির আধুনিক ফুটবলারদের মধ্যে সিলভাই একমাত্র খেলোয়াড়, যিনি ক্লাবের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা সেরা ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি মাইক সামারবির সাথে যৌথভাবে অষ্টম স্থানে আছেন। গত মৌসুম শেষে কেভিন ডি ব্রুইনা ক্লাব ছাড়ার পর সিলভাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। সিটির হয়ে আট মৌসুমে তিনি মোট ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছেন।
বর্তমানে সিটি লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং ২৫ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনের মুখোমুখি হবে। ভক্তদের উদ্দেশ্যে সিলভা আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমার মূল লক্ষ্য ছিল সবসময় আবেগ ও ভালোবাসা দিয়ে খেলা। যাতে আপনারা (ভক্তরা) গর্ব বোধ করেন এবং মাঠে নিজেদের সঠিক প্রতিনিধিত্ব খুঁজে পান। আশা করি প্রতিটি ম্যাচেই আপনারা তা অনুভব করেছেন।’
ম্যানসিটিতে নিজের উত্থান নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সিলভা। তিনি বলেন, ‘আমি ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এসেছিলাম, কিন্তু বিদায় নিচ্ছি আপনাদেরই একজন হয়ে—আজীবন এই ক্লাবের সমর্থক হিসেবে। এই তরুণ দলটিকে আপনারা সমর্থন দিয়ে যান, আমি নিশ্চিত ভবিষ্যতে তারা আপনাদের আরও অনেক চমৎকার স্মৃতি উপহার দেবে। চলুন, এই শেষ কয়েক সপ্তাহ আমরা একসাথে উপভোগ করি এবং এই মৌসুমে জেতার মতো যা বাকি আছে তার জন্য লড়াই করি।’
এবি/টিএ