© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানালেন নেতানিয়াহু

শেয়ার করুন:
ইরানে ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানালেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করতে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেহরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা বাড়লেও ফের যুদ্ধ শুরুর জন্য মার্কিন বাহিনী প্রস্তুত বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পর নেতানিয়াহুও একই হুমকি দিয়েছেন।

বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তিতে না পৌঁছালে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর জন্য ইসরায়েলি বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানে ইরানের সঙ্গে আরেক দফার বৈঠকের বিষয়ে আলোচনা করছে ওয়াশিংটন। শিগগিরই ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আশাবাদী বলেও জানিয়েছে।
গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় পরবর্তী বৈঠকের বিষয়ে আলোচনার জন্য বুধবার পাকিস্তানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। বৃহস্পতিবার ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনায় কিছুটা অগ্রগতি অর্জন করলেও দুই পক্ষের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।


ওই কর্মকর্তা বলেন, বুধবার পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান সফর কিছু ক্ষেত্রে মতভেদ কমাতে কার্যকর ভূমিকা রেখেছে। তবে পরমাণু ইস্যুতে এখনও মৌলিক মতবিরোধ রয়ে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে নতুন আশা তৈরি হয়েছে।

তিনি বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পরমাণু কর্মসূচির ওপর বিধিনিষেধের সময়সীমা নিয়ে তীব্র বিরোধ রয়েছে; যার কোনও সমাধান এখনও পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা পাকিস্তানের রাজধানীতে হওয়ার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে এবং চুক্তির সম্ভাবনার বিষয়ে আমরা আশাবাদী।

প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধ বন্ধ এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দশকের পুরোনো বিরোধ মেটাতে ইরানকে একটি ‘বড় ধরনের চুক্তির’ প্রস্তাব দেওয়া হচ্ছে।

এদিকে, এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ইরান বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়মিত তথ্য দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের লক্ষ্য একই। তিনি বলেন, আমরা ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং ইরানের ভেতরে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা পুরোপুরি নির্মূল চাই। আমরা চাই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হোক।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয় হরমুজ প্রণালি দিয়ে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকেই ইরানের সশস্ত্র বাহিনী ওই প্রণালি অবরুদ্ধ করে রেখেছে এবং বর্তমানে এটি মার্কিন নৌ-অবরোধের কেন্দ্রে পরিণত হয়েছে।

নেতানিয়াহু বলেন, এই পরিস্থিতি কীভাবে শেষ হবে বা এর অগ্রগতি কোন দিকে যাবে, তা বলার সময় এখনও আসেনি। পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে আমরা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

এবি/টিএ

মন্তব্য করুন