পেটে ব্যথা নিয়েও লড়াই, ড্রেসিংরুমে ঢুকেই বমি
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে আল নাসরের ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয়ের ম্যাচে শেষ মুহূর্তে মাঠ ছাড়েন ক্রিস্তিয়ানো রোনালদো। ৮৯ মিনিটে বদলি হওয়ার পর সাইডবেঞ্চে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান পর্তুগিজ ফরোয়ার্ড। যা তার নতুন কোনো ইনজুরির শঙ্কা জাগিয়ে তোলে।
রোনালদোকে নিয়ে অবশ্য শঙ্কার কিছুই নেই। বুধবার আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ শেষে আল নাসর ম্যানেজার হোর্হে জেসুস জানিয়েছেন, ম্যাচের প্রথমার্ধ থেকে পেটের সমস্যায় ভুগছিলেন রোনালেদো। অসুস্থ বোধ করা সত্ত্বেও খেলা চালিয়ে যায় সে।
কোচের মতে, বিরতির সময় রোনালদোর পেটে মোচড় দিচ্ছিল। তবুও তিনি দৃঢ় সংকল্প নিয়ে মাঠে ফেরেন। অস্বস্তি নিয়েই লড়াই চালিয়ে যান। তবে বদলি হওয়ার পর পরিস্থিতির অবনতি হলে তিনি সরাসরি ড্রেসিংরুমে যান এবং সেখানে গিয়ে বমি করেন।

জেসুস বলেন, ‘দুই অর্ধেকের মাঝখানে সে পেটে ব্যাথা অনুভব করছিল। সে দ্বিতীয়ার্ধে খেলেছে এবং চালিয়ে যাওয়ার জন্য জেদ ধরেছিল, কিন্তু ড্রেসিংরুমে ঢোকার পর সে বমি করেছে।’ যদিও ঘটনাটি উদ্বেগজনক ছিল, তবে এই সমস্যার কারণে তাকে খুব বেশি দিন মাঠের বাইরে থাকতে হবে না বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে রোনালদো সোশ্যাল মিডিয়ায় দলের জয় উদযাপন করে একটি ইতিবাচক বার্তা শেয়ার করেন এবং সমর্থকদের ধন্যবাদ জানান।
৩৯ বছর বয়সী এই তারকা সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরেছেন যা তাকে প্রায় এক মাস মাঠের বাইরে রেখেছিল। এ মাসের শুরুর দিকে আল-নাজমার বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করে তিনি নিজের প্রত্যাবর্তন রাঙিয়েছিলেন। আল হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থাকা আল নাসরের লক্ষ্য এখন এই ছন্দ ধরে রাখা। শিরোপা জয়ের পথে রোনালদোর সুস্থতা দলের জন্য মূল চাবিকাঠি হয়ে থাকবে।
এবি/টিএ