© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন বের্নার্দো সিলভা

শেয়ার করুন:
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন বের্নার্দো সিলভা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টানছেন বের্নার্দো সিলভা— গত কয়েক দিন ধরে এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে বাতাসে। এবার সেই গুঞ্জনই সত্যি হলো, চলতি মৌসুম শেষে ইতিহাদ ছাড়ছেন এই পর্তুগিজ। তিার বিদায়ের খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ম্যানচেস্টার সিটিও।

২০১৭ সালে মোনাকো থেকে সিটিতে যোগ দেন। ধীরে ধীরে দলের অন্যতম ভরসার প্রতীক হয়ে ওঠেন ৩১ বছর বয়সি এই মিডফিল্ডার। গত প্রায় এক দশকে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল সময়গুলোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

এই সময়ের মধ্যে বের্নার্দো সিলভা সিটির হয়ে জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৯টি ট্রফি— যা তার ক্লাব ক্যারিয়ারকে করেছে অসাধারণভাবে সমৃদ্ধ ও স্মরণীয়।

বিদায়বেলায় ইনস্টাগ্রামে আবেগঘন একটি বার্তা দিয়েছেন সিলভা। পর্তুগিজ এই মিডফিল্ডার প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন জানিয়ে শুরুতেই লিখেছেন, ‘৯ বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, আমি একটি ছোট ছেলের স্বপ্নকে তাড়া করছিলাম যে জীবনে সফল হতে এবং বড় কিছু অর্জন করতে চেয়েছিল। এই শহর এবং এই ক্লাব আমাকে তার চেয়েও অনেক বেশি দিয়েছে, যা আমি কখনো আশা করিনি।’

ম্যানচেস্টার সিটির জার্সিতে এখন পর্যন্ত ৪৫১টি ম্যাচ খেলা সিলভা ক্লাব, সমর্থক ও পুরো শহরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই শহর তার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ— যেখানে শুধু একজন ফুটবলার হিসেবে অসংখ্য সাফল্য অর্জনই নয়, বরং নিজের দাম্পত্য জীবন ও পরিবারের সূচনাও করেছেন।

আবেগঘন কণ্ঠে তিনি আরও জানান, ‘কয়েক মাসের মধ্যে সেই শহরকে বিদায় জানানোর সময় আসবে যেখানে আমরা ফুটবল ক্লাব হিসেবে কেবল অনেক কিছুই জিতিনি, বরং যেখানে আমি আমার দাম্পত্য জীবন এবং পরিবারও শুরু করেছি।’



সিটির সমর্থকদের ৭৬টি গোল এবং ৭৭টি অ্যাসিস্টে উচ্ছ্বাসে ভাসানো এই মিডফিল্ডার তাদের উদ্দেশে বলেন, ‘আমি ম্যান সিটির খেলোয়াড় হিসেবে এখানে এসেছিলাম, কিন্তু এখন বিদায় নিচ্ছি আপনাদেরই একজন হয়ে— অর্থাৎ আজীবনের জন্য ম্যানচেস্টার সিটির একজন সমর্থক হিসেবে বিদায় নিচ্ছি।’

সিলভার বিদায়ের খবর জানিয়ে ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে ‘সিটির সর্বকালের অন্যতম সেরা এবং জনপ্রিয় খেলোয়াড়’ আখ্যা দিয়ে ‘যথাযথভাবে স্মরণ করার’ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, ‘ক্লাব এবং আমাদের সব ভক্তরা এখন এই মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের এই অসাধারণ সেবককে একটি উপযুক্ত সম্মাননা এবং বিদায় জানানোর জন্য প্রস্তুতি নেবে।’

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সম্ভাবনাও বেশ ক্ষীণ, কারণ শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে আছে ৬ পয়েন্টে। তবে মৌসুমে এরই মধ্যে লিগ কাপের ফাইনালে আর্সেনালকে হারিয়ে একটি শিরোপা নিজেদের করে নিয়েছে সিটি। পাশাপাশি এফএ কাপেও টিকে আছে তারা, যেখানে সেমিফাইনালে সাউদাম্পটনের মুখোমুখি হওয়ার অপেক্ষায়।

টিজে/টিএ

মন্তব্য করুন