জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজের ছবিতে রিয়্যাক্ট, বিরাট কোহলিকে ঘিরে নতুন বিতর্ক
ছবি: সংগৃহীত
০৯:৩৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
নেটদুনিয়ায় আবারও ঝড় তুললেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। এক জার্মান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাহসী ছবিতে তার ‘লাইক’ দেওয়া এবং পরবর্তীতে সেটি সরিয়ে নেওয়া ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। আর সেই বিতর্কের মাঝেই প্রথমবার মুখ খুললেন সেই ইনফ্লুয়েন্সার লিজলাজ।
শুক্রবার সকালে ঘুম ভাঙতেই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন লিজলাজ। হঠাৎ করেই দেখেন, বিভিন্ন সংবাদমাধ্যমে তার নাম ঘুরছে। কারণ, তার একটি ছবিতে ‘লাইক’ করেছিলেন বিরাট কোহলি। যদিও পরে সেই ‘লাইক’ সরিয়ে নেন ক্রিকেটার, তবু ততক্ষণে বিষয়টি ছড়িয়ে পড়ে সর্বত্র।

এই ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়ায় লিজলাজ জানান, তিনি নিজেই বিষয়টি বুঝে উঠতে পারেননি। সংবাদমাধ্যমের খবরে দেখেই তিনি জানতে পারেন যে বিরাট তার ছবিতে ‘লাইক’ করেছিলেন। এরপর থেকেই তার কাছে একের পর এক বার্তা আসতে শুরু করে পরিচিতদের কাছ থেকে। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন এই ঘটনা ঘিরে।
প্রসঙ্গত, এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছেন বিরাট। এক অভিনেত্রীর ছবিতে ‘লাইক’ দিয়ে পরে তা সরিয়ে নেওয়ার পর তিনি প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছিলেন। এবারও সেই একই প্রশ্ন উঠছে এটি কি নিছকই প্রযুক্তির খেলা, নাকি অন্য কিছু?
তবে পুরো বিষয়টি নিয়ে কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখাননি লিজলাজ। বরং তার কথায়, এই ঘটনার জন্য বিরাটের জন্যই খারাপ লাগছে। তিনি মনে করেন, বিষয়টি অযথা বড় আকার নিয়েছে এবং এর পিছনে কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না।
এই ঘটনার জেরে রাতারাতি পরিচিতি বেড়েছে জার্মান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। ইতিমধ্যেই বিভিন্ন কাজের প্রস্তাব পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সঙ্গীত ও নিজস্ব ভিডিও নির্মাণে আগ্রহী লিজলাজ ভবিষ্যতে ভারতে কাজের সুযোগ পেলে তা গ্রহণ করতে চান বলেও জানান।
পিআর/টিএ