হরমুজ নিয়ে ট্রাম্পের একের পর এক পোস্ট
ছবি: সংগৃহীত
১০:০৫ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট গত এক ঘণ্টায় একটি সংবাদ সংস্থার ফিডের মতো সক্রিয় হয়ে উঠেছে। জানা গেছে, বর্তমানে তিনি লাস ভেগাসের একটি হোটেলে অবস্থান করছেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর একপোস্ট করে যাচ্ছেন।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিয়ে ধারাবাহিকভাবে একের পর এক পোস্ট আপডেট দিচ্ছেন। এসব পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না বলে রাজি হয়েছে।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এটি (হরমুজ) আর বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে না!
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, ওয়াশিংটন ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম পাবে। তিনি এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধূলা’ বলে উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, ‘বিশ্বের জন্য এটি একটি মহান ও উজ্জ্বল দিন।’
তবে বিশ্লেষকদের মতে, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল। এদিকে বাজার পরিস্থিতিও প্রেসিডেন্টের মতোই ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। ট্রাম্প যেহেতু অর্থনৈতিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখেন, তাই এই অগ্রগতি তাকে স্বস্তি দিচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব- বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি- যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তায় চাপ সৃষ্টি করেছিল।
এবি/টিএ