নির্লজ্জ, বেহায়া একটা রাজনৈতিক দল: বিজেপিকে মমতা
ছবি: সংগৃহীত
১০:২৮ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
তৃণমূল কংগ্রেসের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় তল্লাশি চালায় আয়কর দপ্তরের একটি দল। এ ঘটনার পর কেন্দ্রীয় সরকার ও বিজেপির তুমুল সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্লজ্জ, বেহায়া একটা রাজনৈতিক দল। সামনা-সামনি লড়াই করতে পারে না। ভীতু,কাপুরুষ। এখন এই সব করছে।
কোচবিহারের রাসমেলা মাঠের নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
বিরোধীদের ভয় দেখাতে আয়কর, ইডি ও সিবিআইয়ের মতো সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। বলেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন (প্রধানমন্ত্রী)।
বলেছিলেন, দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন। আগে জবাব দিন, আপনি কি কালো টাকা আনতে পেরেছেন? আর আজ কালো টাকার হুন্ডি নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছেন; তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা দিচ্ছেন। প্রার্থীর বাড়িতে গিয়ে হানা দিচ্ছেন। আমার প্লেনে রেড করতে আসছেন; আমার নিরাপত্তাকর্মীদের উপর হানা দিচ্ছেন।
মমতার দাবি, মোদি সরকার যতই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অভিযান চালাক না কেন, তবুও তিনি ও তার দল মাথা নত করবেন না। রাজনীতির মাঠে নিজেদের জানান দিয়ে তিনি বলেন, যাই করুক, আমাদের সরকারই আবার আসছে।
উল্লেখ্য, একই সময়ে মনোহর পুকুরে তৃণমূলের নির্বাচনি কার্যালয়ে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ করেছে তৃণমূল। দলীয় সূত্রে জানা যায়, দেবাশিস কুমারকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তার শ্বশুরবাড়ি এবং দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতার বাড়িতেও তল্লাশি চালানো হয়।
পিআর/টিএ