হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৪৫ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরান যুদ্ধের প্রভাব থেকে জনগণকে রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গুরুত্বপূর্ণ এই জলপথটি সুরক্ষিত করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক পরিকল্পনা প্রণয়নের জন্য প্যারিসে আয়োজিত এক সম্মেলনে যোগ দিয়েছেন তিনি।
ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
প্যারিসে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং কার্যকর চুক্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট গঠন করা এখন সময়ের দাবি, যা হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার নীতিতে বিশ্বাসী হবে।
স্টারমারের মতে, ইরানের এই যুদ্ধ প্রতিটি দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, তাই এই সংকট নিরসনে দেশগুলো একতাবদ্ধ হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি লজিস্টিক, অর্থনৈতিক এবং সামরিক পরিকল্পনার সমন্বয় প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই সংঘাত যত দীর্ঘায়িত হবে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর তার প্রভাব তত বাড়বে। যুক্তরাজ্যের জনগণের ওপর এই আর্থিক চাপ লাঘব করতে এবং যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি সচল করতে তিনি মিত্র দেশগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
তবে এই গুরুত্বপূর্ণ সফরের মধ্যেই দেশের অভ্যন্তরে নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে পড়েছেন কিয়ার স্টারমার।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন তার নিরাপত্তা ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েছিলেন। তা সত্ত্বেও তাকে রাষ্ট্রদূত পদে বহাল রাখার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়, যা নিয়ে বর্তমানে স্টারমার সরকারকে কঠোর সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
ইউটি/টিএ